২০২৪-২৫ অর্থবছরের ডিসেম্বর মাসে রফতানি আয় বেড়েছে। এই এক মাসে আয় হয়েছে ৪৬২ কোটি ৭৪ লাখ মার্কিন ডলার। ২০২৩ সালের ডিসেম্বরের তুলনায় যা ১৭ দশমিক ৭২ শতাংশ বা ৬৮.৮৪ কোটি ডলার বেশি।
বৃহস্পতিবার (২ জানুয়ারি) রফতানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। সেটা সংক্ষিপ্তাকারে দৈনিক সকালের পাঠকদের জন্য তুলে ধরা হলো,
প্রতিবেদনে বলা হয়, ২০২৪ সালের ডিসেম্বরে দেশের রফতানি আয় বেড়েছে। প্রবৃদ্ধি হয়েছে ১৭ দশমিক ৭২ শতাংশ। ২০২৩ ডিসেম্বরে রফতানি আয়ের পরিমাণ ছিল ৩৯৩ কোটি ৯ লাখ ডলার।
এতে আরো বলা হয়, ডিসেম্বর মাসে সবচেয়ে বেশি রফতানি আয় এসেছে তৈরি পোশাক (আরএমজি) থেকে। এ খাতে ২০২৩ সালের একই সময়ের তুলনায় ১৭ দশমিক ৪৫ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৩৭৭ কোটি ৫ লাখ ডলারে। ২০২৩ সালে ছিল ৩২১ কোটি ৪ লাখ ডলার।
কৃষি পণ্যের রফতানি আয় ১৪ দশমিক ৪১ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১০ কোটি ১ লাখ ডলারে। চামড়া ও চামড়াজাত পণ্যের রফতানি বেড়েছে ২৪ দশমিক ১৯ শতাংশ, যা ডিসেম্বরে রফতানি হয়েছে ১১ কোটি ৯ লাখ ডলারের। হোম টেক্সটাইলের রফতানি আয় ২০ দশমিক ৪৭ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৮ কোটি ৩৯ লাখ ডলারে।
এদিকে বাংলাদেশ থেকে তৈরি পোশাক, ওষুধ এবং চামড়াসহ ২৭ ধরনের পণ্য ২০২৪-২৫ অর্থবছরের জুলাই-ডিসেম্বর মাসে বিশ্ববাজারে রফতানি হয়েছে। এ সময় বাংলাদেশ থেকে রফতানি হয়েছে ২ হাজার ৪৫৩ কোটি ৩৫ লাখ মার্কিন ডলারের পণ্য, যা গত অর্থবছরের একই সময়ের তুলনায় ১২ দশমিক ৮৪ শতাংশ বেশি।
