আমজাদ শিবলু , সেনবাগ উপজেলা প্রতিনিধি
নোয়াখালীর সেনবাগে জাতীয় সংসদ নির্বাচনে ভিন্ন প্রতীকে ভোট দেওয়াকে কেন্দ্র করে তিন সন্তানের জননীকে তালাক দেওয়ার অভিযোগ উঠেছে। ঘটনাটি এলাকায় তীব্র আলোড়ন সৃষ্টি করেছে।
সদ্য সমাপ্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালী–২ (সেনবাগ–সোনাইমুড়ী আংশিক) আসনের সেনবাগ উপজেলার ২ নম্বর কেশারপাড় ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, মো. ইদ্রিস (৪০) তার স্ত্রী ফাতেমা বেগমকে (২৭) স্বতন্ত্র প্রার্থীর কাপ–পিরিচ প্রতীকে ভোট দেওয়ার নির্দেশ দেন। তবে ফাতেমা ভোট দেন ধানের শীষ প্রতীকে।
এদিকে স্বতন্ত্র প্রার্থী কাজী মফিজুর রহমান নির্বাচনে হেরে যায়। ভোট শেষে বিষয়টি জানতে পেরে ইদ্রিস ক্ষিপ্ত হয়ে স্ত্রীর সঙ্গে দুর্ব্যবহার করেন এবং মারধরের অভিযোগও ওঠে। পরে রবিবার সন্ধ্যায় অসুস্থ সন্তানের চিকিৎসার প্রসঙ্গ তুললে কথাকাটাকাটির এক পর্যায়ে তিনি স্ত্রীকে তালাক দেন বলে অভিযোগ পাওয়া গেছে।
সেনবাগ উপজেলার স্থানীয় গণমাধ্যমকর্মী জাহাঙ্গীর আলম শায়েস্তানরী তার ব্যক্তিগত ফেসবুক পেজে এক পোস্টে ঘটনার বর্ণনা দিয়ে বলেন, বর্তমানে তালাকপ্রাপ্ত ফাতেমা তার বাবার বাড়িতে আশ্রয় নিয়েছেন। তিনি বিষয়টি নিশ্চিত করেছেন।
এদিকে সেনবাগ থানার ওসি মো. আবুল বাশার স্থানীয় সাংবাদিকদের বলেন, ঘটনাটি সম্পর্কে এখনো কেউ থানায় অবহিত করেননি।