ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সিরাজগঞ্জের বেলকুচি ও সদর উপজেলায় ভোটারদের ওপর হামলা ও চাঁদাবাজির অভিযোগে বিএনপির দুই নেতার পদ সাময়িকভাবে স্থগিত করা হয়েছে এবং আরও তিনজন নেতাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।
রোববার (১৫ ফেব্রুয়ারি) রাতে জেলা বিএনপির দপ্তর সম্পাদক তানভীর মাহমুদ পলাশ স্বাক্ষরিত পৃথক পাঁচটি চিঠির মাধ্যমে এ সিদ্ধান্ত জানানো হয়।
চিঠিতে বলা হয়, সিরাজগঞ্জ-৫ (বেলকুচি-চৌহালী) আসনে ভোটারদের হুমকি-ধামকি দেওয়া এবং দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলার অভিযোগে বেলকুচি পৌর জাতীয়তাবাদী সাইবার দলের সাংগঠনিক সম্পাদক শিহাব মণ্ডল ও ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মণ্ডলের পদ স্থগিত করা হয়েছে।
অন্যদিকে, সিরাজগঞ্জ-২ (সদর-কামারখন্দ) আসনে ভোট-পরবর্তী সময়ে দলীয় শৃঙ্খলাভঙ্গ, হিন্দু সম্প্রদায়ের দোকানে হুমকি, চাঁদাবাজি ও ভাঙচুরের অভিযোগে জেলা বিএনপির ধর্মবিষয়ক সম্পাদক মনা পাল, পৌর বিএনপির ৫ নম্বর ওয়ার্ডের সাবেক আহ্বায়ক ফিরোজ আহমেদ এবং সদর থানা রোডের কর্মী আরজু আহমেদকে শোকজ করা হয়েছে।
চিঠিতে তাদের ২৪ ঘণ্টার মধ্যে লিখিত ব্যাখ্যা জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে সন্তোষজনক জবাব না পেলে তাদের বিরুদ্ধে স্থায়ী সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে বলেও উল্লেখ করা হয়েছে।