আজ ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।
সোমবার (১৬ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টায় তিনি সৈয়দ রেজাউল করীমের বাসভবনে যাবেন বলে জানা গেছে। বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।
এর আগে রোববার সন্ধ্যায় তারেক রহমান জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান এবং এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের বাসায় গিয়ে সৌজন্য সাক্ষাৎ করেন।
সাম্প্রতিক নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশ ৩০০ আসনের মধ্যে ২৫৭টিতে প্রার্থী দেয়। বরিশাল-৫ আসনে বিএনপির প্রার্থী মজিবর রহমান সরোয়ার ১ লাখ ৩১ হাজার ৪৩১ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হাতপাখা প্রতীকের প্রার্থী মুফতি ফয়জুল করীম পান ৯৩ হাজার ৫২৮ ভোট।
বরিশাল-৬ আসনেও হাতপাখা প্রতীকের প্রার্থী মুফতি ফয়জুল করীম উল্লেখযোগ্য প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলতে পারেননি। এ আসনের ১১৩টি কেন্দ্রের ফলাফলে দেখা যায়, ধানের শীষ প্রতীকের প্রার্থী ও বরিশাল জেলা বিএনপির আহ্বায়ক আবুল হোসেন খান পেয়েছেন ৮১ হাজার ৮৭ ভোট।
দ্বিতীয় অবস্থানে থাকা দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী মোহাম্মদ মাহমুদুন্নবী পান ৫৪ হাজার ৫৩৩ ভোট। আর হাতপাখা প্রতীকে মুফতি ফয়জুল করীমের প্রাপ্ত ভোট ছিল ২৮ হাজার ৮২৩, যা অনেকের মতে প্রত্যাশার তুলনায় কম।