সংস্কার প্রশ্নে কোনো ধরনের খণ্ডিত বাস্তবায়ন মেনে নেওয়া হবে না বলে স্পষ্ট বার্তা দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন,
সংস্কার ইস্যুতে যে গণভোট অনুষ্ঠিত হয়েছে, সেটির পূর্ণাঙ্গ রূপ বাস্তবায়ন করতে হবে। এর আংশিক প্রয়োগ বা বাছাই করে কার্যকর করার চেষ্টা গ্রহণযোগ্য হবে না।
রোববার কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার বালিখলা ফেরিঘাটে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ অবস্থান তুলে ধরেন।
ডা. শফিকুর রহমান বলেন,
রাষ্ট্র পরিচালনার কেন্দ্রবিন্দু সংসদ। সেখানে একটি দল সরকার গঠন করবে, আরেকটি দল বিরোধীদলের ভূমিকা পালন করবে—এটাই গণতান্ত্রিক প্রক্রিয়া। সরকারি দল জনকল্যাণমূলক ও ইতিবাচক পদক্ষেপ নিলে জামায়াত সহযোগিতা করবে। তবে জনগণের স্বার্থ ক্ষুণ্ন হলে তারা স্পষ্ট ও নির্ভীক অবস্থান নেবে। “আমাদের অবস্থান হবে ক্লিয়ারকার্ড”—এভাবেই নিজের অবস্থান ব্যাখ্যা করেন তিনি।
দুর্নীতি দমন ও বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করার প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, ব্যক্তিস্বার্থ নয়, ১৮ কোটি মানুষের স্বার্থকে প্রাধান্য দিতে পারে—এমন প্রতিনিধিদের সংসদে পাঠাতে হবে। কোথাও সামান্য অবিচার হলেও জামায়াত প্রতিবাদে সরব হবে বলে জানান তিনি।
বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সম্ভাব্য সাক্ষাৎ প্রসঙ্গে তিনি বলেন, আলোচনার বিষয় নির্ধারণ তারেক রহমানের বিষয়। তবে জামায়াত দেশ ও জাতীয় স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েই আলোচনায় অংশ নেবে।
শক্তিশালী বিরোধীদলের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে তিনি বলেন, সংসদীয় ব্যবস্থায় সরকার ও বিরোধীদল উভয়ের সক্রিয় ভূমিকা অপরিহার্য। দেশের সঠিক দিকনির্দেশনার জন্য উভয় পক্ষের দায়িত্বশীল আচরণ জরুরি।
এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি ড. সামিউল হক ফারুকী, জেলা জামায়াতের আমির অধ্যাপক মো. রমজান আলী, সাবেক নায়েবে আমির অধ্যক্ষ মোসাদ্দেক ভূঞা, কাপাসিয়ার নবনির্বাচিত এমপি সালাউদ্দিন আইয়ুবী এবং ঢাকা উত্তর মহানগর জামায়াতের মজলিসে শূরা সদস্য অ্যাডভোকেট রোকন রেজা শেখ।
এর আগে সকাল ৮টায় সড়কপথে কিশোরগঞ্জ পৌঁছে তিনি নিকলী উপজেলার শিমুলবাঁক এলাকায় নিহত জামায়াত সমর্থক শাহ আলমের বাড়িতে যান এবং পরিবারের সদস্যদের সান্ত্বনা দেন। পরে ছাতিরচর এলাকায় আরেক জামায়াত কর্মী আব্দুস সালামের বাড়িতে গিয়ে স্বজনদের সঙ্গে সাক্ষাৎ করেন।
জামায়াত আমির, গণভোট সংস্কার, কিশোরগঞ্জ করিমগঞ্জ, সংসদীয় রাজনীতি, দুর্নীতি বিরোধী অবস্থান, বিরোধীদল ভূমিকা, জাতীয় স্বার্থ