ইন্দুরকানী (পিরোজপুর) প্রতিনিধি:
পিরোজপুর-১ আসনের সদর উপজেলা ধানের শীষের নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক ও পিরোজপুর সদর উপজেলা বিএনপির সাবেক সভাপতি মহিউদ্দিন মল্লিক নাছির (৭০) এবং তার ভাতিজা শংকরপাশা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রিয়াজ উদ্দিন নিপু (৪৫) দুর্বৃত্তের হামলায় গুরুতর আহত হয়েছেন।
রবিবার (১৫ ফেব্রুয়ারি) রাত ১১টার দিকে তারা পার্শ্ববর্তী জিয়ানগর (বর্তমান ইন্দুরকানী) উপজেলার পাড়েরহাট থেকে মোটরসাইকেলে করে বাড়ি ফেরার পথে হামলার শিকার হন।
আহত নিপু জানান, তিনি মোটরসাইকেল চালিয়ে নাছির মল্লিককে নিয়ে বাড়ি ফিরছিলেন। পাড়েরহাট বাসস্ট্যান্ড ও চালনা ব্রিজের মাঝামাঝি পৌঁছালে ৮–১০টি মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা তাদের গতিরোধ করে। পরে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে আহত করে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।
হামলায় নাছিরের দুই পা, একটি হাত ও ঘাড়ে গুরুতর জখম হয়। এছাড়া নিপুর মাথায় ধারালো অস্ত্রের আঘাত লাগে।
আহতদের উদ্ধার করে পিরোজপুর জেলা হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে গুরুতর আহত নাছিরকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। বিষয়টি নিশ্চিত করেছেন পিরোজপুর সদর হাসপাতালের মেডিক্যাল অফিসার রাজীব পাইক।
খবর পেয়ে পিরোজপুর সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার নাসরিন জাহান ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি জানান, কারা এ হামলার সঙ্গে জড়িত তা তদন্ত শেষে বলা যাবে।