ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে কুমিল্লা-৫ আসনের বুড়িচং উপজেলার রাজাপুর ইউনিয়নের পাচোড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোটের ফল ঘোষণার পর বিএনপির অভ্যন্তরীণ দ্বন্দ্ব প্রকাশ্যে রূপ নেয়। অভিযোগ উঠেছে, ওই কেন্দ্রে বিএনপির চেয়ে জামায়াত ৪০ ভোট বেশি পাওয়ায় ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক গাজী মনিরুজ্জামানকে মারধর করা হয়েছে।
এ ঘটনায় কৃষক দল নেতা বেলায়েত হোসেন বিল্লালকে প্রধান আসামি করে ১৫ ফেব্রুয়ারি কুমিল্লা আদালতে মামলা দায়ের করেছেন গাজী মনিরুজ্জামানের মেয়ে মানসুরা জান্নাত।
স্থানীয় সূত্র জানায়, গত বৃহস্পতিবার সন্ধ্যা ছয়টার পর পাচোড়া মাধ্যমিক বিদ্যালয়ে ফলাফল ঘোষণার পর বেলায়েত হোসেন বিল্লালের নেতৃত্বে একদল ব্যক্তি গাজী মনিরুজ্জামানের ওপর হামলা চালায়। গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে পাঠানো হয়।
কয়েকজন বিএনপি কর্মীর অভিযোগ, পাচোড়া কেন্দ্রে অতীতে কখনো বিএনপি পরাজিত হয়নি। এবারের ফলাফলে ক্ষুব্ধ হয়ে স্থানীয় নেতাকর্মীদের একাংশ গাজী মনিরুজ্জামানের ওপর হামলা চালায়।
নাম প্রকাশে অনিচ্ছুক রাজাপুর ইউনিয়ন বিএনপির এক কর্মী বলেন, নির্বাচনের আগে থেকেই গাজী মনিরুল ইসলাম নেতাকর্মীদের সঙ্গে সমন্বয় না করে নিজের মতো করে নির্বাচন পরিচালনা করেন। এর ফলেই ওই কেন্দ্রে পরাজয় হয়েছে বলে মনে করছেন তারা। ক্ষোভ থেকেই হামলার ঘটনা ঘটেছে।
হামলায় আহত গাজী মনিরুজ্জামান দাবি করেন, তিনি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হওয়ার পর থেকেই কৃষক দল নেতা বিল্লাল হোসেন প্রকাশ্যে তাকে হুমকি দিয়ে আসছিলেন। তিনি বলেন, “নির্বাচনের দিন রাতেই তারা পরিকল্পিতভাবে আমার ওপর হামলা করে। বিল্লাল হোসেন পরিকল্পনা করে বিএনপিকে পরাজিত করেছে। এই ঘটনায় আমার মেয়ে মানসুরা জান্নাত বাদী হয়ে কুমিল্লা আদালতে একটি মামলা দায়ের করেছে।”
অভিযুক্ত কুমিল্লা দক্ষিণ জেলা কৃষকদলের সহসভাপতি বেলায়েত হোসেন বিল্লাল বলেন, “আমাদের পাচোড়া কেন্দ্র সব সময় বিএনপি পাস করতো। কিন্তু এবার ইউনিয়ন বিএনপির গাফিলতির কারণে আমরা পরাজিত হয়েছি। বৃহস্পতিবার সন্ধ্যার পর কয়েকজন ছেলে ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক গাজী মনিরুজ্জামানসহ কয়েকজনকে ধাওয়া করে। এরপর কী হয়েছে আমি বলতে পারব না। আমাকে শুধু শুধু আসামি করা হয়েছে।”
বুড়িচং উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কবির হোসেন বলেন, বিষয়টি তার জানা আছে এবং তিনি সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেছেন সমাধানের জন্য।
বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. লুৎফুর রহমান বলেন, বুড়িচং উপজেলায় ৮৩টি কেন্দ্রে ভোট শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। রাজাপুরের ঘটনাটি পুলিশকে আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি।