জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠু, শান্তিপূর্ণ এবং উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হওয়ায় সংশ্লিষ্ট সবার প্রতি আনুষ্ঠানিক ধন্যবাদ জ্ঞাপন করেছে উপদেষ্টা পরিষদ। রোববার তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে এ ধন্যবাদ প্রস্তাব গৃহীত হয়। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।
বৈঠক শেষে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফিং করেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি জানান,
বৈঠকের সূচনাতেই সফল ও ঐতিহাসিক নির্বাচন আয়োজনের জন্য ধন্যবাদ প্রস্তাব গ্রহণ করা হয়। প্রধান উপদেষ্টা নির্বাচন সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠান ও দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদের প্রতি কৃতজ্ঞতা জানান।
উপদেষ্টা পরিষদের সদস্যরাও বিশেষ করে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পেশাদার ভূমিকার প্রশংসা করেন।
ব্রিফিংয়ে জানানো হয়, এবারের নির্বাচনকে উপদেষ্টারা ‘মহা সাফল্য’ হিসেবে অভিহিত করেছেন। তাদের মতে, বাংলাদেশের ইতিহাসে এত সুশৃঙ্খল ও শান্তিপূর্ণ নির্বাচন হয়েছে কি না, তা নিয়েও প্রশ্ন রয়েছে। পুলিশ, বিজিবি, কোস্টগার্ড, আনসার ও সশস্ত্র বাহিনী দায়িত্ব পালনে উচ্চমাত্রার পেশাদারিত্ব দেখিয়েছে বলেও উল্লেখ করা হয়।
নির্বাচন-পরবর্তী পরিস্থিতি প্রসঙ্গে জানানো হয়, অতীতের তুলনায় সহিংসতার ঘটনা উল্লেখযোগ্যভাবে কম। চারজনের মৃত্যুর খবর পাওয়া গেলেও প্রকৃত অর্থে সরাসরি নির্বাচন-সম্পর্কিত সহিংসতায় একজন নিহত হয়েছেন বলে জানানো হয়। হাতিয়ার একটি ঘটনা তদন্তে কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
প্রেস সচিব বলেন, এবারের নির্বাচনে প্রথমবারের মতো বডি-ওর্ন ক্যামেরা, সিসিটিভি এবং ‘সুরক্ষা’ অ্যাপ ব্যাপকভাবে ব্যবহার করা হয়েছে। প্রধান উপদেষ্টা পুলিশ সদর দপ্তর থেকে প্রায় দেড় ঘণ্টা ১৭টি কেন্দ্র সরাসরি পর্যবেক্ষণ করেন এবং ভোটারদের সঙ্গে কথা বলেন। ভবিষ্যতে বডি-ওর্ন ক্যামেরা নির্বাচন ব্যবস্থাপনার স্থায়ী অংশ হয়ে উঠবে বলে আশা প্রকাশ করা হয়।
বৈঠকে নির্বাচন কমিশনের স্বাধীন ও দৃঢ় অবস্থানের প্রশংসা করা হয়। আন্তর্জাতিক পর্যবেক্ষকদের মধ্যে ইউরোপীয় ইউনিয়ন, কমনওয়েলথ ও আইআরআই নির্বাচনের ইতিবাচক মূল্যায়ন করেছে বলে জানানো হয়। নারী ও তরুণ ভোটারদের উল্লেখযোগ্য অংশগ্রহণকেও ইতিবাচক দিক হিসেবে তুলে ধরা হয়।
এছাড়া সদ্য পদত্যাগকারী সাবেক মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আব্দুর রশিদের অবদানের স্বীকৃতিস্বরূপ ধন্যবাদ প্রস্তাব গৃহীত হয় এবং তার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করা হয়।
ব্রিফিংয়ে আরও জানানো হয়, আগামী মঙ্গলবার সকাল ১০টায় জাতীয় সংসদে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ অনুষ্ঠিত হবে। একই দিন বিকেল ৪টায় সংসদের দক্ষিণ প্লাজায় নতুন প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার সদস্যদের শপথগ্রহণ অনুষ্ঠান হবে। বন্ধুপ্রতিম বিভিন্ন দেশের পররাষ্ট্রমন্ত্রীদের আমন্ত্রণ জানানো হয়েছে।
বৈঠকে প্রধান উপদেষ্টা বলেন, ‘আমরা ভাগ্যবান যে এই জাতিকে সেবা করার সুযোগ পেয়েছি।’ ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার উপস্থিত ছিলেন।