বৃহত্তর যশোর-কুষ্টিয়া অঞ্চলের নবনির্বাচিত ১৭ জন সংসদ সদস্যের সঙ্গে মতবিনিময় করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও যশোর-কুষ্টিয়া অঞ্চল পরিচালক মোবারক হোসাইন।
রোববার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে যশোর জেলা জামায়াতে ইসলামীর কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতে বিজয়ী সংসদ সদস্যদের দলের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানান উপস্থিত নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে প্রধান অতিথি মোবারক হোসেন বলেন, জনগণের রায় একটি আমানত। এই আমানতের মর্যাদা রক্ষা করতে বিজয়ী সংসদ সদস্যদের ঐক্যবদ্ধ ও সুসংগঠিতভাবে কাজ করতে হবে। যারা নির্বাচনে বিজয়ী হতে পারেননি, তাদের হতাশ না হয়ে আগামী দিনের জন্য সাংগঠনিকভাবে প্রস্তুতি নিতে হবে এবং সাধারণ মানুষের দ্বারপ্রান্তে গিয়ে ইনসাফভিত্তিক রাষ্ট্র গঠনের বার্তা পৌঁছে দেয়ার আহ্বান জানান তিনি।
মতবিনিময় সভায় জেলা জামায়াতের আমির ও যশোর-৪ আসনের সংসদ সদস্য অধ্যাপক গোলাম রসুলের সভাপতিত্বে বৃহত্তর যশোর-কুষ্টিয়ার সংসদ সদস্য ও শীর্ষ নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।