শাপলা কলিতে ভোট দেওয়ার জেরে নির্যাতনের শিকার হওয়ার অভিযোগ করা এক নারীকে দেখতে সোমবার (১৬ ফেব্রুয়ারি) নোয়াখালীর হাতিয়ায় যাচ্ছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তাঁর সঙ্গে যাওয়ার কথা রয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর আহ্বায়ক নাহিদ ইসলাম-এর।
শনিবার (১৪ ফেব্রুয়ারি) রাতে নোয়াখালী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন ওই নারীর সঙ্গে ভিডিও কলে কথা বলেন দুই নেতা। জেলা জামায়াতের আমির ইসহাক খন্দকার জানান, ডা. শফিকুর রহমান নির্যাতিতাকে নিজের বোন হিসেবে উল্লেখ করে তাকে দেখতে যাওয়ার আশ্বাস দেন। একইভাবে নাহিদ ইসলামও তাকে সমবেদনা জানিয়ে পাশে থাকার প্রতিশ্রুতি দেন।
অভিযোগ অনুযায়ী, শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) রাতে হাতিয়ার চানন্দি ইউনিয়নে ভোট দেওয়াকে কেন্দ্র করে স্থানীয় কয়েকজন যুবক ওই নারী ও তার স্বামীকে মারধর করে। স্বামীকে বেঁধে রেখে আবদুর রহমান নামে এক ব্যক্তি তাকে ধর্ষণ করেন বলে অভিযোগ করা হয়েছে। বর্তমানে তিনি ২৫০ শয্যার নোয়াখালী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন।
তবে অভিযুক্ত ব্যক্তি অভিযোগ অস্বীকার করেছেন। এ ঘটনায় নোয়াখালী পুলিশ জানিয়েছে, বিষয়টি তদন্তাধীন এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।