ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিভিন্ন আসনে ভোট কারচুপির অভিযোগের নিষ্পত্তির লক্ষ্যে উচ্চ আদালতে রিট করার সিদ্ধান্ত নিয়েছে ১১ দলীয় নির্বাচনী ঐক্য। শনিবার (১৪ ফেব্রুয়ারি) রাজধানীর মগবাজারে বাংলাদেশ জামায়াতে ইসলামী-এর কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত জোটের এক গুরুত্বপূর্ণ বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
বৈঠকে সভাপতিত্ব করেন দলের সহকারী সেক্রেটারি জেনারেল ও জোটের সমন্বয়ক ড. এএইচএম হামিদুর রহমান আযাদ।
বৈঠক শেষে জোটের নেতারা জানান, গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত নির্বাচনের পর ১৩ ফেব্রুয়ারি গভীর রাতে গেজেট প্রকাশ করায় অনেক আসনে পুনঃগণনার সুযোগ থেকে প্রার্থীরা বঞ্চিত হয়েছেন। তাঁদের অভিযোগ, অন্তত ৩০টিরও বেশি আসনে ভোট জালিয়াতি, কেন্দ্র দখল এবং নানা অনিয়মের ঘটনা ঘটেছে।
এসব অভিযোগ চিহ্নিত করে আইনি প্রতিকার পেতে শিগগিরই হাইকোর্টে রিট দায়ের করা হবে। পাশাপাশি বিষয়টি নিয়ে নির্বাচন কমিশনেও যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
জোটের নেতারা বলেন, নির্বাচনকে ঘিরে সৃষ্ট অনিয়মের সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচার নিশ্চিত করতে আদালতের শরণাপন্ন হওয়া ছাড়া বিকল্প নেই। তাঁরা আশা প্রকাশ করেন, আদালত নিরপেক্ষভাবে বিষয়টি বিবেচনা করে প্রয়োজনীয় নির্দেশনা দেবেন।