পটুয়াখালী-৩ আসনের নব নির্বাচিত সংসদ সদস্য ও গণ অধিকার পরিষদের সভাপতি সাবেক ভিপি মো. নুরুল হক নুর ভোটের পর কর্মজীবী ভোটারদের সুবিধার্থে ঢাকাগামী ফ্রি লঞ্চ সার্ভিসের ব্যবস্থা করেছেন।
শনিবার (১৪ ফেব্রুয়ারি) বিকেলে ঢাকার উদ্দেশ্যে যাত্রা শুরু করেছে ভাড়াকৃত লঞ্চ রয়েল ক্রুজ-২। নির্ধারিত সূচি অনুযায়ী বিকেল ৪টার পর লঞ্চটি গলাচিপা উপজেলার চরকাজল লঞ্চঘাট থেকে যাত্রা শুরু করে, এরপর চর শিবা, আউলিয়াপুর, দশমিনা ও বাঁশবাড়িয়া ঘাট থেকে যাত্রী উঠেছে। লঞ্চটি চাঁদপুর অতিক্রম করে ঢাকার সদরঘাটে পৌঁছাবে।
স্থানীয়রা জানান, নির্বাচনের পর গ্রামে ফিরা শ্রমজীবী ও কর্মজীবী ভোটাররা প্রায়ই পরিবহন সংকট, অতিরিক্ত ভাড়া ও অনিরাপদ যাত্রার কারণে ভোগান্তির সম্মুখীন হন। এসব সমস্যার কথা বিবেচনায় নিয়ে নুরুল হক নুরের পক্ষ থেকে এই বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে।
সংসদ সদস্য নুরুল হক নুর বলেন,
“গলাচিপা-দশমিনার মানুষ আমাকে যে ভালোবাসা ও সমর্থন দিয়েছেন, তার প্রতি কৃতজ্ঞতা থেকেই এই ছোট উদ্যোগ। ঢাকাসহ বিভিন্ন এলাকায় কর্মরত ভোটার ভাই-বোনেরা যেন নিরাপদে ও স্বাচ্ছন্দ্যে কর্মস্থলে ফিরতে পারেন, সেটিই আমাদের মূল লক্ষ্য। জনকল্যাণে এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”
এ উদ্যোগকে সাধারণ মানুষ দায়িত্বশীল ও মানবিক পদক্ষেপ হিসেবে দেখছেন এবং ঢাকাগামী ভোটারদের মধ্যে স্বস্তি ও সন্তোষ লক্ষ্য করা গেছে।