নির্বাচন কমিশনের (ইসি) নির্দেশনা অনুয়ায়ী নিজের নির্বাচনী সব ব্যানার, ফেস্টুন, বিলবোর্ড নামিয়ে ফেলতে রাস্তায় নেমেছেন ঢাকা-৯ আসনে বিএনপির বিজয়ী প্রার্থী হাবিবুর রশিদ হাবিব।
শনিবার (১৪ ফেব্রুয়ারি) বিকেলে নিজ নির্বাচনী এলাকার মাদারটেক এলাকায় নেতাকর্মীদের সঙ্গে ব্যানার, ফেস্টুন ও বিলবোর্ড নামানোর কর্মসূচিতে তিনি নিজেও অংশগ্রহণ করেন।
এক ফেসবুক পোস্টে হাবিবুর রশিদ হাবিব বলেন, সর্বস্তরের নেতাকর্মীদের প্রতি নির্দেশনা ও আন্তরিক অনুরোধ—নিজ নিজ এলাকার ব্যানার, ফেস্টুন ও বিলবোর্ড দ্রুততম সময়ের মধ্যে অপসারণ করে শহরকে সুন্দর ও বাসযোগ্য রাখতে সহযোগিতা করুন। পরিষ্কার-পরিচ্ছন্ন শহর আমাদের সবার দায়িত্ব।
প্রসঙ্গত, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৯ আসনে জয়ী হয়েছেন বিএনপির প্রার্থী হাবিবুর রশিদ। ধানের শীষ প্রতীকে তিনি মোট ১ লাখ ১১ হাজার ২১২ ভোট পেয়েছেন।
হাবিবুর রশিদের নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী মোহাম্মদ জাবেদ মিয়া। তিনি পেয়েছেন ৫৩ হাজার ৪৬০ ভোট। আর এ আসনে সাবেক এনসিপি নেত্রী ও স্বতন্ত্র প্রার্থী তাসনিম জারা ফুটবল প্রতীকে পেয়েছেন ৪৪ হাজার ৬৮৪ ভোট।