মোঃ জিয়াউল ফকির,ইন্দুরকানী প্রতিনিধি:
পিরোজপুরের ইন্দুরকানীতে ধানের শীষের এক কর্মীর ওপর হামলার ঘটনায় ৪ জন আহত হয়েছেন।
শুক্রবার (১৩ ফেব্রুয়ারী) বিকেলে উপজেলার মধ্য বালিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
আহতদের স্বজনদের দাবি, মো. ইউনুস আলী নামের এক যুবদল কর্মী নির্বাচনে ধানের শীষের পক্ষে কাজ করায় শুক্রবার বিকেলে বাড়ির সামনে একা পেয়ে স্থানীয় জামায়াত-শিবির কর্মীরা তার ওপর হামলা চালায়। অভিযুক্তদের মধ্যে জুয়েল, সোহেল, রাসেল ও রফিকুল ইসলামের নাম উল্লেখ করা হয়েছে। হামলায় লাঠিসোঁটা ও ইট ব্যবহার করা হয় বলে অভিযোগ রয়েছে।
ইউনুস আলী চিৎকার করলে স্বজনরা এগিয়ে এসে তাকে উদ্ধার করার চেষ্টা করেন। এ সময় উদ্ধার করতে গিয়ে আনছার আলী, সুফিয়া বেগম ও মরিয়ামও হামলার শিকার হন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে ইন্দুরকানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। গুরুতর আহত ইউনুস আলীকে উন্নত চিকিৎসার জন্য পিরোজপুর জেলা হাসপাতালে পাঠানো হয়েছে।
অভিযুক্ত জামায়াত কর্মী জুয়েল দাবি করেন, ঘটনাটি নির্বাচন-সংক্রান্ত নয়; পূর্বের জমি সংক্রান্ত বিরোধ ও ভুল বোঝাবুঝি থেকে হাতাহাতির ঘটনা ঘটে।
বালিপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি মো. শহিদুল ইসলাম বাবুল অভিযোগ করেন, নির্বাচনের জেরে এ হামলার ঘটনা ঘটেছে।
উপজেলা জামায়াতের আমির মো. আলী হোসেন বলেন, এটি রাজনৈতিক নয়; পারিবারিক জমি সংক্রান্ত বিরোধের জেরেই সংঘর্ষ হয়েছে।
এ বিষয়ে ইন্দুরকানী থানার ওসি মো. শামীম হাওলাদার জানান, জমি সংক্রান্ত বিরোধের ঘটনায় মারামারি হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।