সংসদ নির্বাচনের ফলাফল পর্যালোচনা ও দলীয় অবস্থান তুলে ধরতে সংবাদ সম্মেলন ডেকেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলীয় এক বার্তায় জানানো হয়েছে, রাজধানীর বাংলামোটরে অবস্থিত দলের অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে রাত ১০টায় এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।
সংবাদ সম্মেলনে বক্তব্য দেবেন দলের মুখপাত্র ও কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এবং সেক্রেটারি মনিরা শারমিন। নির্বাচনের সার্বিক পরিস্থিতি, ফলাফল বিশ্লেষণ এবং ভবিষ্যৎ রাজনৈতিক কৌশল নিয়ে তারা দলের আনুষ্ঠানিক অবস্থান তুলে ধরবেন বলে জানা গেছে।
বৃহস্পতিবার অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতের সঙ্গে ঐক্য গড়ে প্রতিদ্বন্দ্বিতা করে এনসিপি। জোটগতভাবে অংশ নিয়ে দলটির আহ্বায়ক নাহিদ ইসলামসহ ছয়জন প্রার্থী জয়ী হয়েছেন। তবে আলোচিত তরুণ নেতা সারজিস আলম ও নাসীরুদ্দীন পাটওয়ারী পরাজিত হয়েছেন।
নির্বাচনের ফলাফল ঘিরে রাজনৈতিক অঙ্গনে যখন আলোচনা চলছে, তখন এনসিপির এই সংবাদ সম্মেলনকে তাৎপর্যপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। দলটি নির্বাচনী অভিজ্ঞতা ও জোট রাজনীতির ভবিষ্যৎ দিকনির্দেশনা নিয়ে গুরুত্বপূর্ণ বার্তা দিতে পারে বলে মনে করছেন পর্যবেক্ষকরা।