ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম বলেছেন, “জুলাই বিপ্লব পরবর্তী নতুন বাংলাদেশে সন্ত্রাস ও মাফিয়াতন্ত্র কায়েম হতে দেওয়া হবে না, ইনশাআল্লাহ।” শুক্রবার নিজের ফেসবুক পোস্টে তিনি এ মন্তব্য করেন।
পোস্টে সাদিক কায়েম দাবি করেন, নির্বাচনের ফলাফল ঘোষণার পর দেশের বিভিন্ন স্থানে হামলার ঘটনা ঘটছে এবং কিছু ক্যাম্পাসে ভিন্নমতের শিক্ষার্থীদের হুমকি দেওয়া হচ্ছে। তিনি আশা প্রকাশ করেন, নির্বাচিত জনপ্রতিনিধি ও ক্ষমতাসীন দলের নেতারা দায়িত্বশীল আচরণ করবেন এবং নিজ নিজ এলাকায় সংঘাতের রাজনীতি পরিহার করে সবার জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিত করবেন।
তিনি আরও অভিযোগ করেন, হামলা বন্ধে প্রশাসন কার্যকর ভূমিকা রাখছে না। তার ভাষ্য, এভাবে হামলা অব্যাহত থাকলে ছাত্রজনতাকে সঙ্গে নিয়ে প্রতিরোধ গড়ে তোলা হবে। সাদিক কায়েম বলেন, নতুন বাংলাদেশে কোনোভাবেই সন্ত্রাস ও মাফিয়াতন্ত্র প্রতিষ্ঠা হতে দেওয়া হবে না।
তার এই বক্তব্য সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। রাজনৈতিক অঙ্গনে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে ক্যাম্পাস পরিস্থিতি ও আইনশৃঙ্খলা রক্ষায় সংশ্লিষ্টদের ভূমিকা এখন গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে বলে মনে করছেন পর্যবেক্ষকরা।