সাজেদুল ইসলাম,ভূঞাপুর(টাঙ্গাইল)প্রতিনিধি:
টাঙ্গাইল-২ (গোপালপুর-ভূঞাপুর) আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী ও বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান এড. আব্দুস সালাম পিন্টু বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
রিটার্নিং কর্মকর্তার ঘোষিত ফলাফলে তিনি পেয়েছেন ১,৯৫,৫৯০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মাওলানা হুমায়ূন কবির দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ৫৯,৮৭৩ ভোট। ১,৩৫,৭১৭ ভোটের ব্যবধানে নির্বাচিত হয়েছেন ধানের শীষ প্রতীকের প্রার্থী।
ভোটের শুরু থেকেই দুই উপজেলার বিভিন্ন কেন্দ্রে ধানের শীষের পক্ষে সমর্থন লক্ষ্য করা যায়। গণসংযোগ ও নির্বাচনী প্রচারণায় সক্রিয় অংশগ্রহণ করেন দলীয় নেতাকর্মী ও সমর্থকরা। স্থানীয় ভোটারদের একটি বড় অংশ পরিবর্তনের প্রত্যাশায় ভোট দিয়েছেন বলে ধারণা করা হচ্ছে।
মোট ভোটার ৪ লাখ ১৮ হাজার ৬০৬ জনের মধ্যে ভোট পড়েছে প্রায় ৬৪ শতাংশ। সকাল থেকে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। কোথাও কোন অভিযোগ বা কোন ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
ফলাফল ঘোষণার পর গোপালপুর ও ভূঞাপুরে বিভিন্ন এলাকায় নেতাকর্মীদের উচ্ছ্বাস দেখা যায়। নির্বাচিত হওয়ার পর প্রতিক্রিয়ায় আব্দুস সালাম পিন্টু বলেন, “এই বিজয় জনগণের। আমি দল-মত নির্বিশেষে সকলের উন্নয়নে কাজ করবো।”