ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেছেন, বাংলাদেশের চলমান নির্বাচনের ফলাফল প্রকাশ না হওয়া পর্যন্ত দিল্লির অবস্থান জানাতে তাড়াহুড়া করা উচিত নয়। বৃহস্পতিবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত ব্রিফিংয়ে তিনি এ মন্তব্য করেন।
রণধীর জয়সওয়াল বলেন, “আমরা ফলাফলের জন্য অপেক্ষা করব এবং দেখব কেমন ম্যান্ডেট আসে, তারপর আমরা বাকি বিষয়গুলো দেখব।”
বাংলাদেশ প্রসঙ্গে ভারতের অবস্থান পুনর্ব্যক্ত করে তিনি বলেন, প্রতিবেশী দেশে একটি অবাধ, সুষ্ঠু, অন্তর্ভুক্তিমূলক ও বিশ্বাসযোগ্য নির্বাচন হোক—এটাই নয়াদিল্লির প্রত্যাশা।
হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, ভোটগ্রহণ শেষ হয়েছে এবং গণনা শুরু হয়েছে। ২০২৪ সালের জুলাই মাসের ছাত্র আন্দোলনের মধ্য দিয়ে শেখ হাসিনার পতনের পর এটি বাংলাদেশের প্রথম জাতীয় নির্বাচন। এরপর থেকে প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে একটি অন্তর্বর্তী প্রশাসন দায়িত্ব পালন করে আসছে।
নির্বাচনে বিএনপি ও জামায়াতে ইসলামীর মধ্যে তীব্র প্রতিদ্বন্দ্বিতা লক্ষ্য করা যাচ্ছে। ভোট শেষ হওয়ার পরপরই গণনা শুরু হয়েছে। এএফপি জানায়, বিএনপি প্রধান তারেক রহমান ইসলামপন্থি জোটকে পরাজিত করার বিষয়ে আত্মবিশ্বাস প্রকাশ করেছেন। একই সঙ্গে প্রতিবেদনে উল্লেখ করা হয়, দেশের বৃহত্তম ইসলামপন্থি দল জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন জোটের শক্ত চ্যালেঞ্জের মুখে রয়েছে বিএনপি। শেখ হাসিনার দীর্ঘ ১৫ বছরের শাসনামলে বিএনপি সাংগঠনিকভাবে দুর্বল হয়ে পড়ে বলে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলোর বিশ্লেষণে উঠে এসেছে।
মা খালেদা জিয়ার অসুস্থতার প্রেক্ষাপটে তারেক রহমান গত ডিসেম্বর দেশে ফেরেন। ৩০ ডিসেম্বর খালেদা জিয়া মৃত্যুবরণ করেন। অন্যদিকে জামায়াতের আমির শফিকুর রহমান তৃণমূল পর্যায়ে প্রচারণা চালিয়ে ন্যায়বিচার প্রতিষ্ঠা ও দুর্নীতি দমনের প্রতিশ্রুতি দেন। তিনি বলেন, সুষ্ঠু ফল নিশ্চিত করতে তার দল “যা প্রয়োজন, তাই করবে।”
বিকেল সাড়ে ৪টায় ভোটগ্রহণ শেষ হয়। গুরুত্বপূর্ণ প্রাথমিক ফল রাতের মধ্যেই প্রকাশ হতে পারে বলে ধারণা করা হচ্ছে। দুই পক্ষের নেতারা নির্বাচনী পরিবেশ নিয়ে উদ্বেগ প্রকাশ করলেও নির্বাচন কমিশন জানিয়েছে, এখন পর্যন্ত কেবল কয়েকটি বিচ্ছিন্ন ও ছোটখাটো বিঘ্নের খবর পাওয়া গেছে।
সূত্র : হিন্দুস্তান টাইমস
তুরস্ক, সৌদি ও পাকিস্তানসহ অন্যান্য দেশ নিয়ে ইসলামি সেনাবাহিনী গড়ার উদ্যোগ নিয়েছে ইরান। আপনি কি এই আর্মি গঠনের পক্ষে?