মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এবারের ভোট এতটা উৎসবমুখর হবে তা কেউ ভাবেনি। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) বিকেল ৪টার দিকে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
বিএনপি মহাসচিব বলেন, সারাদিনে প্রায় শতাধিক কেন্দ্র ঘুরে দেখেছেন এবং এখন পর্যন্ত নির্বাচন সুন্দর ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে। মানুষের আগ্রহ ও উচ্ছ্বাস চোখে পড়ার মতো বলেও উল্লেখ করেন তিনি। তার বিশ্বাস, ভালো ফলাফল আসবে এবং জনগণ একটি নির্বাচিত সরকার ও সংসদ পাবে—যার জন্য দীর্ঘ ১৬ বছর আন্দোলন-সংগ্রাম করা হয়েছে।
জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, ঠাকুরগাঁওয়ের তিনটি সংসদীয় আসনে এবার মোট ২০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন, যার মধ্যে দুইজন নারী। জেলায় মোট ভোটার সংখ্যা ১২ লাখ ৫৫ হাজার ১৭ জন। এর মধ্যে নারী ভোটার ৫ লাখ ৯৮ হাজার ৪৮৮ জন, পুরুষ ৬ লাখ ৭০ হাজার ২২ জন এবং হিজড়া ভোটার ৭ জন। এছাড়া পোস্টাল ব্যালটের জন্য নিবন্ধন করেছেন ১০ হাজার ২৯২ জন ভোটার।