ডা. শফিকুর রহমান নেতাকর্মীদের উদ্দেশে আহ্বান জানিয়েছেন, নির্বাচনের পূর্ণাঙ্গ ফলাফল প্রকাশ না হওয়া পর্যন্ত যেন কেউ ভোটকেন্দ্র ত্যাগ না করেন। বৃহস্পতিবার নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে তিনি এ বার্তা দেন।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬–এর ভোটগ্রহণ নির্ধারিত সময় অনুযায়ী শেষ হয়েছে। সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত দেশের ২৯৯টি সংসদীয় আসনে একযোগে ভোটগ্রহণ চলে। বিচ্ছিন্ন কয়েকটি ঘটনা ছাড়া সার্বিকভাবে ভোট ছিল শান্তিপূর্ণ ও উৎসবমুখর।
তবে নির্বাচন চলাকালে পৃথক ঘটনায় চারজনের মৃত্যুর তথ্য পাওয়া গেছে। বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকেও কিছু অভিযোগ উত্থাপন করা হয়েছে।
জুলাই গণ-অভ্যুত্থানের পর দেড় বছর পর একটি নির্বাচিত সরকার প্রতিষ্ঠার লক্ষ্যে অনুষ্ঠিত এ নির্বাচনে ব্যাপক অংশগ্রহণ দেখা গেছে।
জামায়াত আমির তার বার্তায় বলেন, ভোটের ফলাফল ঘোষণার আগ পর্যন্ত কেন্দ্রগুলোতে অবস্থান করে প্রক্রিয়া পর্যবেক্ষণ করা প্রয়োজন। শান্তিপূর্ণ ও দায়িত্বশীল আচরণ বজায় রাখারও আহ্বান জানান তিনি।