এস এম খালিদুজ্জামান বলেছেন, নির্বাচনে যে ফলই আসুক, জনগণের রায়ই চূড়ান্ত—সেটিই তারা মেনে নেবেন। তিনি ঢাকা-১৭ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামি-র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে রাজধানীর বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দেওয়ার পর সাংবাদিকদের কাছে তিনি এ মন্তব্য করেন।
ডা. খালিদুজ্জামান বলেন, জনগণই একটি দেশের সর্বোচ্চ শক্তি এবং নির্বাচন সেই শক্তি প্রকাশের গুরুত্বপূর্ণ মাধ্যম। তার ভাষ্য, নির্বাচন শুধু সরকার পরিবর্তনের প্রক্রিয়া নয়; বরং এটি রাষ্ট্রের ভবিষ্যৎ নির্মাণেরও একটি সুযোগ।
তিনি জানান, সকালে কয়েকটি কেন্দ্র পরিদর্শন করেছেন এবং এখন পর্যন্ত ভোটের পরিবেশ সন্তোষজনক। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, বিশেষ করে সেনাবাহিনীর সদস্যরা দায়িত্ব পালনে সক্রিয় আছেন বলেও উল্লেখ করেন তিনি। এ পরিবেশ অব্যাহত থাকুক—এমন প্রত্যাশা ব্যক্ত করেন।
দীর্ঘ ১৭ বছর পর মানুষ উৎসবমুখর পরিবেশে ভোট দিতে পারছে উল্লেখ করে তিনি বলেন, সকাল থেকেই ভোটারদের উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে। জয়-পরাজয় নির্বাচন প্রক্রিয়ার অংশ হলেও জনগণের সিদ্ধান্তই সর্বোচ্চ বলে মন্তব্য করেন তিনি।
তিনি আশা প্রকাশ করেন, অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত হবে।