সাদিক কায়েম খাগড়াছড়িতে নিজের ভোটাধিকার প্রয়োগ করেছেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)-এর সহসভাপতি (ভিপি)।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকালে খাগড়াছড়ির শিশু সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে তিনি ভোট দেন।
ভোট দেওয়ার পর তিনি বলেন, এমন একটি ভোট উৎসবের জন্য দেশের মানুষ দীর্ঘদিন অপেক্ষা করেছে। তার দাবি, গত সাড়ে ১৫ বছরে জনগণ সুষ্ঠুভাবে ভোটাধিকার প্রয়োগের সুযোগ থেকে বঞ্চিত ছিল।
জুলাই আন্দোলনের মধ্য দিয়ে মানুষ তাদের সেই অধিকার পুনরুদ্ধার করেছে বলেও মন্তব্য করেন তিনি।
নিজ জেলায় ভোট দিতে পেরে সন্তোষ প্রকাশ করে সাদিক কায়েম ভোটারদের কেন্দ্রে উপস্থিত হয়ে ভোট দেওয়ার আহ্বান জানান। পাশাপাশি গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ারও আহ্বান জানান তিনি।
তিনি আশাবাদ ব্যক্ত করেন, জনগণের দীর্ঘদিনের প্রত্যাশার ভিত্তিতে একটি বৈষম্যহীন ও ন্যায়ভিত্তিক বাংলাদেশ গড়ে উঠবে।