সারজিস আলম বাবা ও ভাইকে সঙ্গে নিয়ে ভোট দিয়েছেন। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার বামনকুমার রাখালদেবীহাট আদর্শ উচ্চ বিদ্যালয় কেন্দ্রে তিনি ভোটাধিকার প্রয়োগ করেন। ভোট দেওয়ার পর উপস্থিত ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করেন তিনি।
এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক এবং পঞ্চগড়-১ আসনে ১১ দলীয় জোটের শাপলা কলি প্রতীকের প্রার্থী সারজিস আলম বলেন, উৎসবমুখর পরিবেশে তিনি ভোট দিয়েছেন এবং গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিয়েছেন। তিনি আশা প্রকাশ করেন, নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন হবে এবং জনগণের মতামতের প্রতি আস্থা রাখা হবে।
তিনি নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের পেশাদার আচরণ প্রত্যাশা করেন। একইসঙ্গে রাজনৈতিক দলগুলোর নেতাকর্মীদের সহনশীল আচরণের আহ্বান জানান। অভিযোগ করে তিনি বলেন, গত কয়েক দিনে কিছু জায়গায় বাধা ও ভীতির পরিবেশ তৈরি হয়েছে; তবে নির্বাচনের দিন তা না হওয়ার প্রত্যাশা করেন।
সারজিস আলম বলেন, সকাল থেকে অবাধ পরিবেশ বজায় থাকলে তিনি জয়ের ব্যাপারে আশাবাদী।