মীর আহমাদ বিন কাসেম আরমান বলেছেন, ভোটগ্রহণ ও ফলাফল ঘোষণা যদি নির্বিঘ্নে সম্পন্ন হয়, তবে যে ফলই আসুক তা মেনে নেবেন। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল ৯টার দিকে রাজধানীর মিরপুর কলেজ কেন্দ্রে ভোট দিতে এসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। তিনি ঢাকা-১৪ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী।
আরমান বলেন, এখন পর্যন্ত সার্বিক পরিবেশ শান্তিপূর্ণ ও উৎসবমুখর। তবে একটি নির্বাচন সুষ্ঠু হয়েছে কি না, তা কেবল ফলাফলের ওপর নির্ভর করে না; বরং পুরো প্রক্রিয়ার ওপর নির্ভরশীল। নির্বাচন কমিশনের প্রতিশ্রুত সিসিটিভি কভারেজ, আইনশৃঙ্খলা বাহিনীর অবস্থান, ভোটগ্রহণে বাধাবিপত্তি এবং গণনার সময় কোনো হস্তক্ষেপ হয়েছে কি না—এসব বিষয় গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন তিনি।
তিনি অভিযোগ করেন, কিছু ঝুঁকিপূর্ণ কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা না থাকার তথ্য পাওয়া গেছে এবং কয়েকটি স্থানে পর্যবেক্ষকদের হয়রানির ঘটনাও ঘটেছে। তবে এসব ঘটনাকে তিনি বিচ্ছিন্ন বলে উল্লেখ করেন।
ঢাকা-১৪ আসনে মোট ১২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ১৭৩টি কেন্দ্রে প্রায় সাড়ে চার লাখ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।