রাজধানীর ইস্কাটন গার্ডেন হাইস্কুল কেন্দ্রে ভোট দিতে এসে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন অতীতের নির্বাচন প্রসঙ্গে তীব্র মন্তব্য করেছেন। তিনি বলেন,
“আগের নির্বাচনে টেলিভিশনে অনেক কুকুর দেখিয়েছেন কিন্তু আজ তো কোথাও কুকুর দেখছিনা।”
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকালে ভোটাধিকার প্রয়োগের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন। নির্বাচন কমিশনের ওপর জনগণের আস্থাহীনতা নিয়ে প্রশ্ন করা হলে সিইসি দাবি করেন, কমিশনের প্রতি আস্থা ইতোমধ্যে ফিরে এসেছে। তার ভাষায়, মানুষ যদি আস্থা না রাখত, তাহলে এত বড় উপস্থিতি দেখা যেত না। রাজনৈতিক দলগুলো মুখে যাই বলুক, তারা নির্বাচনী প্রক্রিয়ায় অংশ নিয়েছে—এটাই আস্থার প্রমাণ বলে উল্লেখ করেন তিনি।
অতীতের নির্বাচনের চিত্র তুলে ধরে তিনি বলেন, আগে গণমাধ্যমে ফাঁকা মাঠ ও কুকুরের ছবি দেখানো হতো। কিন্তু এবার সেই দৃশ্য নেই। তার বক্তব্য,
“আগের নির্বাচনে আপনারা দেখিয়েছেন মাঠ খালি। পত্র-পত্রিকায় শুধু কুকুরের ছবি ছাপা হয়েছে। এবার নির্বাচনে তো কুকুর খুঁজেও পাবেন না আপনারা। এবার তো শুধু মানুষ আর মানুষ!”
দেশের বিভিন্ন এলাকায় ভোটের পরিস্থিতি পর্যবেক্ষণের কথা জানিয়ে সিইসি সন্তোষ প্রকাশ করেন। তিনি বলেন, টেলিভিশনে পঞ্চগড়সহ বিভিন্ন অঞ্চলে সকাল থেকেই ভোটারদের দীর্ঘ লাইন দেখা গেছে। বিশেষ করে নারী ও তরুণ ভোটারদের উপস্থিতিকে তিনি ইতিবাচক হিসেবে উল্লেখ করেন। তার মতে, যুবসমাজ ও নারীরা ভবিষ্যতে দেশের বড় শক্তিতে পরিণত হবে।