বেলাল উদ্দিন-কে আনুমানিক ৬০ লাখ টাকাসহ আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী। বুধবার (১১ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে সৈয়দপুর বিমানবন্দর থেকে তাকে আটক করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন নীলফামারীর পুলিশ সুপার। পুলিশ সূত্রে জানা গেছে, তার সঙ্গে থাকা লাগেজে বিপুল পরিমাণ নগদ টাকা পাওয়া যায়। জব্দ করা অর্থ মেশিনে গণনার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে বেলাল উদ্দিন জানান, তার বাড়ি ঠাকুরগাঁও সদর এলাকায় এবং তিনি পেশায় একজন শিক্ষক। তবে লাগেজে ৫০ লাখ টাকার বেশি নগদ অর্থ থাকার বিষয়টি তিনি স্বীকার করেন। টাকার উৎস সম্পর্কে জানতে চাইলে তিনি দাবি করেন, এগুলো তার ব্যবসার অর্থ। তিনি গার্মেন্টস ব্যবসার সঙ্গে সম্পৃক্ত বলেও জানান।
আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং অর্থের উৎস ও বৈধতা যাচাই করা হবে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।