ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে আগামী ১২ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সারাদেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচন কমিশনের নির্ধারিত সময়সূচি অনুযায়ী, সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ চলবে।
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান রাজধানীর ৬০ ফিট মনিপুর বয়েজ হাইস্কুল কেন্দ্র থেকে তাঁর ভোটাধিকার প্রয়োগ করবেন। তিনি ঢাকা-১৫ আসনে দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
ডা. শফিকুর রহমান শুধু দলীয় প্রধানই নন, তিনি ১১ দলীয় নির্বাচনি জোটের শীর্ষ নেতাদের একজন। তফসিল ঘোষণার পর থেকে তিনি দেশের বিভিন্ন জেলা ও শহরে প্রচার চালিয়েছেন। নির্বাচনি কর্মসূচিতে অংশ নেওয়ার পাশাপাশি বিভিন্ন জনসভায় বক্তব্য দিয়ে জোটের পক্ষে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন।
দলীয় সূত্র জানায়, ভোটের দিন তিনি নিজ নির্বাচনি এলাকাতেই অবস্থান করবেন এবং নির্ধারিত কেন্দ্রে সরাসরি ভোট দেবেন। এ সময় তিনি দলীয় কর্মীদের সঙ্গে সমন্বয় রেখে কেন্দ্রের পরিস্থিতি পর্যবেক্ষণ করবেন।
বিশ্লেষকদের মতে, দলীয় প্রধান হিসেবে নিজ এলাকায় উপস্থিত থেকে ভোট প্রদান করা ভোটারদের কাছে ইতিবাচক বার্তা দেবে এবং নির্বাচনি প্রক্রিয়ার গুরুত্ব তুলে ধরবে।
অন্যদিকে, জোটের অন্যান্য নেতা ও জামায়াতের শীর্ষ পর্যায়ের নেতারাও নিজ নিজ কেন্দ্রে ভোট দেবেন। নির্বাচনকে সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা প্রয়োজনীয় সব প্রস্তুতি সম্পন্ন করেছেন।