আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র প্রার্থী রুমিন ফারহানা–কে সমর্থন দেওয়ার ঘোষণা দিয়েছে জাতীয় পার্টি (জাপা)।
সোমবার (৯ ফেব্রুয়ারি) রাত ১১টার দিকে সরাইল উপজেলার শাহবাজপুরে রুমিন ফারহানা ও জাতীয় পার্টির নেতাদের যৌথ সংবাদ সম্মেলনে এই সমর্থনের কথা জানানো হয়।
সংবাদ সম্মেলনে জাপার কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান আব্দুল হামিদ ভাসানী বলেন, জাতীয় পার্টির মনোনীত প্রার্থী জিয়াউল হক মৃধা মিথ্যা মামলা ও হুমকির মুখে নির্বাচন থেকে সরে দাঁড়াতে বাধ্য হয়েছেন। এ অবস্থায় দল হিসেবে জাতীয় পার্টি একটি রাজনৈতিক সিদ্ধান্ত নিয়েছে।
তিনি বলেন, জিয়াউল হক মৃধা নির্বাচন থেকে সরে দাঁড়ানোর পর দলের মহাসচিব শামীম হায়দার পাটোয়ারী নির্দেশ দিয়েছেন, জাতীয় পার্টির সব পর্যায়ের নেতাকর্মীরা যেন রুমিন ফারহানার পক্ষে কাজ করেন।
রুমিন ফারহানাকে সমর্থনের যুক্তি তুলে ধরে আব্দুল হামিদ ভাসানী বলেন, সাম্প্রতিক সময়ে জাতীয় পার্টির ওপর একাধিক অগ্নিসংযোগের ঘটনায় প্রথম প্রতিবাদ জানিয়েছিলেন রুমিন ফারহানা। তিনি স্পষ্টভাবে বলেছেন, কারও বাড়ি বা অফিসে আগুন দেওয়া অন্যায়। এছাড়া আওয়ামী লীগ নিষিদ্ধের দাবির বিরুদ্ধেও তিনি অবস্থান নিয়ে বলেছেন, রাজনীতি করা নাগরিক অধিকার এবং কোনো দলের অধিকার হরণ করা যায় না।
তিনি আরও বলেন, জাতীয় পার্টিকে ‘আওয়ামী লীগের দোসর’ আখ্যা দিয়ে রাজনীতি নিষিদ্ধ করার দাবি উঠলে রুমিন ফারহানা প্রতিবাদ করে বলেন, জাতীয় পার্টি একটি নিবন্ধিত রাজনৈতিক দল এবং কোনো সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত নয়। এসব কারণে তাকে সারা বাংলাদেশের একজন প্রতিবাদী কণ্ঠস্বর হিসেবে উল্লেখ করেন তিনি।
সংবাদ সম্মেলনে রুমিন ফারহানা বলেন, জাতীয় পার্টির প্রার্থী নির্বাচন না করার ঘোষণার পর দলীয়ভাবে তারা হাঁস প্রতীকের প্রতি সমর্থন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।
নির্বাচনের পর জাতীয় পার্টিতে যোগ দেবেন কি না—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এ বিষয়ে এখনই কোনো সিদ্ধান্ত নেওয়ার সময় হয়নি। আগে নির্বাচন করতে হবে এবং জয়ী হতে হবে, তারপর বিষয়টি বিবেচনা করা যাবে।
তিনি আরও বলেন, আসন্ন নির্বাচনে যেন পেশিশক্তি, কালো টাকা, ভয়ভীতি ও হুমকি-ধমকির কারণে কোনো যোগ্য প্রার্থী বা ভোটার বঞ্চিত না হন, সেটিই সবচেয়ে বড় চ্যালেঞ্জ। ভোটাররা যেন নির্ভয়ে ভোট দিতে পারেন, ভোট সুষ্ঠুভাবে গণনা হয় এবং সঠিক ফল ঘোষণা করা হয়—এই লক্ষ্যেই সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।