অন্তর্বর্তী সরকারের মেয়াদ শেষ হওয়ার প্রাক্কালে প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বিদায়ী বৈঠকে বসেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। এ সময় সরকার পরিচালনায় সার্বিক সহযোগিতার জন্য সব মন্ত্রণালয় ও বিভাগের সচিবদের ধন্যবাদ জানান তিনি এবং নির্ধারিত লক্ষ্যগুলোর বেশিরভাগ অর্জিত হয়েছে বলে সন্তোষ প্রকাশ করেন।
সোমবার (৯ ফেব্রুয়ারি) সকালে উপদেষ্টা পরিষদের বৈঠকের আগে প্রধান উপদেষ্টার কার্যালয়ে এই সংক্ষিপ্ত বৈঠক অনুষ্ঠিত হয়। সকাল ১০টা ১৫ মিনিট থেকে ১১টা পর্যন্ত প্রায় ৪৫ মিনিট ধরে চলা বৈঠকে সব মন্ত্রণালয় ও বিভাগের সচিবসহ প্রায় ৭০ জন কর্মকর্তা উপস্থিত ছিলেন।
বৈঠকে অধ্যাপক ইউনূস বলেন, অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণের সময় যে লক্ষ্য ও অগ্রাধিকার নির্ধারণ করা হয়েছিল, তার অধিকাংশই বাস্তবায়ন সম্ভব হয়েছে। যেসব কাজ অসম্পূর্ণ রয়ে গেছে, সেগুলো পরবর্তী সরকার এগিয়ে নেবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
পরিচয় প্রকাশে অনিচ্ছুক এক সচিব জানান, মূলত সরকারি কর্মকাণ্ডে প্রশাসনের সহযোগিতার জন্য কৃতজ্ঞতা জানাতেই এই বৈঠকের আয়োজন করা হয়। আরেক সচিব প্রধান উপদেষ্টার বক্তব্য উদ্ধৃত করে বলেন, সরকার তিনটি মূল লক্ষ্য সামনে রেখে কাজ শুরু করেছিল—সংস্কার, বিচার ও নির্বাচন। এ ক্ষেত্রে নানা কাঠামোগত সংস্কারের পাশাপাশি কিছু সুপারিশ ও প্রস্তাব রেখে যাওয়া হচ্ছে, যা পরবর্তী সরকার বিবেচনা করবে বলে আশা প্রকাশ করা হয়।
সূত্র জানায়, সচিবদের পক্ষে বৈঠকে বক্তব্য দেন কেবল মন্ত্রিপরিষদ সচিব। তিনি প্রশাসনের পক্ষ থেকে প্রধান উপদেষ্টা ও উপদেষ্টা পরিষদের সঙ্গে কাজ করার সুযোগকে সম্মানের হিসেবে উল্লেখ করেন।