নেত্রকোনা-৪ (মদন, মোহনগঞ্জ ও খালিয়াজুরী) আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী লুৎফুজ্জামান বাবর বলেছেন, যারা বিএনপিকে চাঁদাবাজির দল বলে সমালোচনা করছে, তারা নিজেরাই চাঁদাবাজির ‘দোকান’ খুলে বসেছে; হাসপাতাল দখল করেছে, ব্যাংক দখল করেছে। অন্যের সমালোচনা করার আগে নিজেদের দিকে তাকান।
সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকেলে খালিয়াজুরী উপজেলা বিএনপির উদ্যোগে খালিয়াজুরী কলেজ মাঠে আয়োজিত নিজের নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
লুৎফুজ্জামান বাবর আরও বলেন, আপনারা আমাদের নেতা তারেক রহমানের বিরুদ্ধে সমালোচনা করছেন, বিএনপিকে চাঁদাবাজ বলছেন। অথচ আপনারাই চাঁদাবাজির দোকান খুলেছেন। এতদিন আমি কোনো বক্তৃতায় আপনাদের বিরুদ্ধে কথা বলিনি। কিন্তু আপনাদের লাগাতার সমালোচনার কারণে এখন আমাকেও বলতে হচ্ছে।
একাত্তরের প্রসঙ্গ টেনে তিনি বলেন, আপনারা একাত্তরের স্বাধীনতার বিরোধিতা করেছেন। আমাদের মা-বোনের ইজ্জত লুট করেছেন, মানুষের রগ কেটেছেন। চাইলে আমি এসবের প্রমাণ দিতে পারি। অন্যের সমালোচনা করার আগে নিজেদের ইতিহাস দেখুন।
বাবর বলেন, দীর্ঘ ১৭ বছর নির্বাসনে থেকেও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বাংলাদেশের মানুষের অর্থনৈতিক মুক্তির চিন্তা করেছেন। আমাদের নেতা এখন দেশে এসেছেন। ইনশাআল্লাহ, তিনি আবার এই চিন্তার বাস্তব প্রতিফলন ঘটাবেন।
২৪-এর গণঅভ্যুত্থানের কথা উল্লেখ করে বাবর বলেন, ‘ছাত্র-জনতার আন্দোলনের ফলে যে গণঅভ্যুত্থান হয়েছে, তার কারণেই আজ আমি আপনাদের সামনে কথা বলতে পারছি। এই গণঅভ্যুত্থান না হলে হয়তো আমাকে অনেক আগেই ফাঁসিতে ঝুলানো হতো।
আপনাদের দোয়ায় আমি ফিরে এসেছি। এখন আমি শুকরিয়া আদায় করছি। এখন আমার একমাত্র কাজ মানুষের পাশে থাকা এবং এলাকার উন্নয়নে কাজ করা। বেকারত্ব দূরীকরণসহ জনগণের কল্যাণ ও জনস্বার্থে আমি সার্বক্ষণিক নিয়োজিত থাকতে চাই।
ধানের শীষ প্রতীকে ভোট চেয়ে প্রতিশ্রুতিতে তিনি বলেন, নির্বাচিত হলে মদন, মোহনগঞ্জ ও খালিয়াজুরীতে কোনো ধরনের অপরাধ সহ্য করা হবে না। বিশেষ করে মাদক ও জুয়ার বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হবে।
পাশাপাশি এ অঞ্চলের সার্বিক উন্নয়নে তিনি নিবেদিত থাকবেন। উন্নয়ন একটি চলমান প্রক্রিয়া, যেকোনো মূল্যে এই প্রক্রিয়া অব্যাহত রাখা হবে।
খালিয়াজুরী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহাবুবুর রহমান কেষ্টুর সঞ্চালনায় জনসভায় এতে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি আব্দুর রউফ স্বাধীন। সভায় আরও বক্তব্য রাখেন উপজেলা বিএনপি নেতা আব্দুল মান্নান তালুকদার, আবুল কালাম আজাদ, আব্দুল হালিম আজাদ আকবরী, নাজমুল হক আরিফ, মির্জা জিয়াউদ্দিন জিয়াসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা।