ঢাকা-৮ আসনের ধানের শীষের প্রার্থী মির্জা আব্বাস–এর হাতে আনুষ্ঠানিকভাবে দলীয় প্রতীক তুলে দিয়ে তাকে বিজয়ী করার আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন তারেক রহমান। সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর মতিঝিলের পীর জঙ্গি মাজার রোডে আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
তারেক রহমান বলেন, “১২ তারিখ আপনারা মির্জা আব্বাসকে বিজয়ী করবেন, আর ১৩ তারিখ থেকে তিনি আজীবন আপনাদের পাশে থাকবেন।” তিনি বলেন, এলাকার সমস্যা সমাধানে বাইরের কেউ কার্যকর ভূমিকা রাখতে পারে না; ঘরের মানুষই ঘরের মানুষের দুঃখ-কষ্ট বোঝে। তাই যাঁর জন্ম, বেড়ে ওঠা ও জীবন এই এলাকার সঙ্গে জড়িত, তাকেই জনগণের প্রতিনিধি হিসেবে নির্বাচিত করা উচিত।
বিএনপি চেয়ারম্যান বলেন, এই নির্বাচন শুধু ক্ষমতা পরিবর্তনের নয়, বরং দেশের ভবিষ্যৎ পুনর্গঠনের নির্বাচন। তিনি দাবি করেন, নির্বাচনে অংশ নেওয়া দলগুলোর মধ্যে একমাত্র বিএনপিরই দেশ পরিচালনার বাস্তব অভিজ্ঞতা রয়েছে এবং ধানের শীষের সরকার হলে তা হবে জনগণের সরকার।
আগামী দিনের পরিকল্পনার কথা তুলে ধরে তারেক রহমান জানান, নারীদের স্বাবলম্বী করতে ফ্যামিলি কার্ড চালু করা হবে, আগামী পাঁচ বছরে এক কোটি কর্মসংস্থান সৃষ্টি করা হবে এবং স্বাস্থ্যসেবার উন্নয়নে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে। দুর্নীতির প্রশ্নে তিনি বলেন, “দুর্নীতির সঙ্গে কোনো আপস হবে না—আইনের চোখে সবাই সমান।”