আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঢাকা-১৩ আসনে ১১ দলীয় নির্বাচনী ঐক্য সমর্থিত সংসদ সদস্য প্রার্থী আল্লামা মামুনুল হক–এর ‘রিকশা’ প্রতীকের সমর্থনে রাজধানীর মোহাম্মদপুর কেন্দ্রীয় ঈদগাহ মাঠে এক বিশাল নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ডা. শফিকুর রহমান।
প্রধান অতিথির বক্তব্যে ডা. শফিকুর রহমান বলেন, ঢাকা-১৩ আসনে রিকশা প্রতীক শুধু একটি নির্বাচনচিহ্ন নয়, এটি জনগণ, জুলাই আকাঙ্ক্ষা, তরুণ প্রজন্ম ও নারী সমাজের প্রতীক। তিনি বলেন, আল্লামা মামুনুল হক বিজয়ী হলে ঢাকা-১৩ আসনবাসী একজন সাহসী, সৎ ও মর্যাদাবান অভিভাবক পাবে ইনশাআল্লাহ।
প্রার্থী আল্লামা মামুনুল হক তার বক্তব্যে বলেন, নির্বাচিত হলে তিনি সংসদে কোরআনের কথা বলবেন এবং ঢাকা-১৩ আসনকে মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজিমুক্ত করবেন। প্রতিপক্ষের সমালোচনা করে তিনি বলেন, মোহাম্মদপুরকে আবার সন্ত্রাসের এলাকায় পরিণত করার চেষ্টা প্রতিহত করা হবে।
সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে নাহিদ ইসলাম বলেন, সারাদেশের মতো ঢাকা-১৩ আসনেও ১১ দলের পক্ষে গণজোয়ার তৈরি হয়েছে। তিনি নির্বাচন কমিশনের মোবাইল নিষেধাজ্ঞার সিদ্ধান্তের সমালোচনা করেন।
এছাড়া ডাকসু ভিপি সাদিক কায়েম তরুণদের ভোটকেন্দ্র পাহারা দিয়ে সব ধরনের কারচুপি রুখে দেওয়ার আহ্বান জানান। সমাবেশ শেষে আল্লামা মামুনুল হকের নেতৃত্বে একটি গণমিছিল অনুষ্ঠিত হয়, যেখানে হাজারো নেতাকর্মী ও সাধারণ মানুষ অংশ নেন।