মুন্সিগঞ্জ প্রতিনিধি
মুন্সিগঞ্জের টংগিবাড়ী উপজেলার শিমুলিয়া ইউনিয়নের আলদী বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার (৯ ফেব্রুয়ারি) দিবাগত রাত আনুমানিক দেড়টার দিকে আলদী বাজারের ব্রিজ সংলগ্ন ময়লার ভাগার থেকে আগুনের সূত্রপাত হয়।
আগুন দ্রুত ছড়িয়ে পড়ে পাশের দুটি মুদি দোকান ও একটি মিষ্টির দোকানে। এতে মো. শাহ আলম শেখ ও কামাল মিয়ার দুটি মুদি দোকান সম্পূর্ণ পুড়ে যায় এবং সন্দিপ ঘোষের মিষ্টির দোকানের একাংশ ক্ষতিগ্রস্ত হয়।
স্থানীয়রা আগুন দেখতে পেয়ে দ্রুত টংগিবাড়ী ফায়ার সার্ভিসে খবর দিলে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ততক্ষণে দোকানগুলোতে থাকা বিপুল পরিমাণ মালামাল পুড়ে যায়।
ক্ষতিগ্রস্তদের দেওয়া তথ্যমতে, শাহ আলম শেখের মুদি দোকানে আনুমানিক ১০ লাখ টাকা, কামাল মিয়ার মুদি দোকানে ৩ লাখ টাকা এবং সন্দিপ ঘোষের মিষ্টির দোকানে প্রায় ৫০ হাজার টাকার ক্ষতি হয়েছে। মোট ক্ষয়ক্ষতির পরিমাণ আনুমানিক ১৩ লাখ ৫০ হাজার টাকা।
খবর পেয়ে দিঘীরপাড় তদন্ত কেন্দ্রের পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখে। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।