ধানের শীষে ভোট দিয়ে বিএনপিকে রাষ্ট্র পরিচালনার সুযোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন দলটির চেয়ারম্যান তারেক রহমান। সোমবার ঢাকার ঢাকা-১৭ আসনের বনানী কামাল আতাতুর্ক এভিনিউ খেলার মাঠে আয়োজিত এক নির্বাচনী পথসভায় তিনি এ আহ্বান জানান।
পথসভায় বক্তব্যে তারেক রহমান বলেন, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া বলেছেন—‘বাংলাদেশই আমার প্রথম ও শেষ ঠিকানা।’ তিনি উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশে প্রশ্ন রাখেন, শুধু খালেদা জিয়া নন, আমাদের সবার প্রথম ও শেষ ঠিকানা কী? এ সময় উপস্থিতরা একযোগে ‘বাংলাদেশ’ বলে সাড়া দেন।
তিনি বলেন, বিএনপি এই মুহূর্তে দেশের একমাত্র রাজনৈতিক দল, যার কাছে বাংলাদেশ পুনর্গঠনের সুস্পষ্ট পরিকল্পনা ও কর্মসূচি রয়েছে। একই সঙ্গে দেশ পরিচালনার বাস্তব অভিজ্ঞতাও বিএনপির রয়েছে। বিএনপি সব সময় বিশ্বাস করে, জনগণই দলের সব রাজনৈতিক ক্ষমতার মূল উৎস।
তারেক রহমান বলেন, দল প্রতিষ্ঠার শুরু থেকেই বিএনপি জনগণের সমর্থন নিয়ে রাজনীতি করে আসছে এবং জনগণকে কখনোই ছেড়ে যায়নি। জনগণের সুখ-দুঃখে, যেকোনো সংকটে বিএনপি সব সময় তাদের পাশে থেকেছে। জনগণ যতবার বিএনপিকে রাষ্ট্র পরিচালনার সুযোগ দিয়েছে, ততবারই বিএনপি সর্বশক্তি দিয়ে দেশ গঠনের চেষ্টা করেছে।
তিনি আরও বলেন, ঢাকা-১৭ আসনের ধানের শীষের প্রার্থী হিসেবে তিনি ভোটারদের কাছে সমর্থন ও রায় চাইছেন। একই সঙ্গে দেশজুড়ে থাকা বন্ধু, আত্মীয়-স্বজনদের ধানের শীষের পক্ষে ভোট দিতে উদ্বুদ্ধ করার আহ্বান জানান।
তারেক রহমান বলেন, আমাদের লক্ষ্য দেশ গঠন করা, মানুষের ভাগ্যের পরিবর্তন ঘটানো এবং বাংলাদেশকে সামনে এগিয়ে নেওয়া। বিএনপির কাছে সেই পরিকল্পনা, কর্মসূচি ও অভিজ্ঞতা রয়েছে। তাই বিএনপিকে সুযোগ দিলে জনগণকে সঙ্গে নিয়েই আগামী দিনে দেশ পুনর্গঠন করা হবে।
তিনি বলেন, স্বৈরাচার দেশকে ধ্বংস করে গেছে। জনগণকে সঙ্গে নিয়ে বিএনপি আবারও সেই দেশকে গড়ে তুলবে। দেশ যেহেতু আমাদের, তাই বাইরে থেকে এসে কেউ আমাদের দেশ গড়ে দিয়ে যাবে না—এই দায়িত্ব আমাদেরই নিতে হবে।