আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঢাকা-১১ আসনে ভূমিদস্যুতা ও রাজনৈতিক দুর্বৃত্তায়নের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মনোনীত প্রার্থী ও দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। রাজধানীর মেরুল বাড্ডার ডিআইটি প্রজেক্ট খেলার মাঠে আয়োজিত এক নির্বাচনী জনসভায় সভাপতির বক্তব্যে তিনি বলেন, এই আসনে দীর্ঘদিন ধরে উন্নয়ন না হওয়ার একমাত্র ও প্রধান কারণ ভূমিদস্যুতা।
নাহিদ ইসলাম অভিযোগ করেন, ২০২৪ সালের ৫ আগস্টের আগে প্রধান দুই রাজনৈতিক দলের স্থানীয় নেতারাই গত ৩০ বছর ধরে ভাগ-বাটোয়ারার মাধ্যমে ভূমি দখল করে আসছেন। এর ফলে শত শত মানুষ নিঃস্ব হয়ে পড়েছে এবং এলাকার স্বাভাবিক উন্নয়ন বাধাগ্রস্ত হয়েছে। তিনি বলেন, “ঢাকা-১১ আসনের সমস্যা কেবল অবকাঠামোগত নয়, এটি মূলত রাজনৈতিক সমস্যা। আর সেই রাজনৈতিক সমস্যার নাম ভূমিদস্যুতা।”
নিজেকে এলাকার সন্তান হিসেবে পরিচয় দিয়ে নাহিদ ইসলাম বলেন, তার জন্ম ঢাকার বেরাইদে এবং শৈশব কেটেছে বাড্ডা-রামপুরা এলাকায়। রাজধানীর এত কাছে থাকা সত্ত্বেও বাড্ডা-ভাটারা এলাকার মানুষ দীর্ঘদিন ধরে অবহেলা ও বঞ্চনার শিকার। তিনি জানান, নির্বাচিত হলে ঢাকা-১১ আসনে ভূমিদস্যুদের সিন্ডিকেট চিরতরে নির্মূল করা হবে এবং এলাকাবাসীর ন্যায্য অধিকার নিশ্চিত করা হবে।