গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণের দিন আগামী ১২ ফেব্রুয়ারি রাজধানীতে মেট্রোরেল চলাচল স্বাভাবিক থাকবে। ভোটারদের যাতায়াত নির্বিঘ্ন করতে ওই দিন মেট্রো ট্রেনের সংখ্যা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
রোববার ঢাকা মাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের পরিচালক (প্রশাসন) এ কে এম খায়রুল আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আসন্ন গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন–২০২৬ উপলক্ষে ভোটগ্রহণের দিন মেট্রোরেল স্বাভাবিক সময়সূচি অনুযায়ী চলবে। পাশাপাশি ভোটারদের যাতায়াত সহজ করতে ভোট চলাকালে অতিরিক্ত মেট্রো ট্রেন পরিচালনা করা হবে। এর ফলে ভোটকেন্দ্রে পৌঁছাতে সাধারণ যাত্রী ও ভোটারদের বাড়তি সুবিধা হবে বলে মনে করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
নির্বাচনকে সামনে রেখে রাজধানীর গণপরিবহন ব্যবস্থায় স্বস্তি ফেরাতে মেট্রোরেল চলাচল স্বাভাবিক রাখার এই সিদ্ধান্তকে ইতিবাচক হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।