শরিফ ওসমান হাদির হত্যার বিচারের দাবিতে অনুষ্ঠিত অবস্থান কর্মসূচিতে পুলিশের হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মোহাম্মদ শিশির মনির।
তিনি বলেন, ৫ আগস্টের ঘটনার পরও পুলিশের শিক্ষা হয়নি; সাম্প্রতিক ঘটনাপ্রবাহে মনে হচ্ছে পুলিশ এখনো আগ্রাসী পদ্ধতিই বেছে নিচ্ছে।
রোববার (৮ ফেব্রুয়ারি) বিকেলে সুনামগঞ্জের শাল্লা শাহিদ আলী উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত ঐক্য ও সম্প্রীতির সমাবেশ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। শিশির মনির বলেন, সামনে জাতীয় নির্বাচন থাকায় প্রধান উপদেষ্টার কার্যালয় ঘেরাওয়ের মতো কর্মসূচি তিনি সঠিক মনে করেন না;
এতে নির্বাচনী প্রক্রিয়া ব্যাহত হওয়ার আশঙ্কা থাকে। তবে একই সঙ্গে তিনি বলেন, ওই কর্মসূচিতে পুলিশ যেভাবে হামলা চালিয়েছে, সেটিও গ্রহণযোগ্য নয়।
উল্লেখ্য, শুক্রবার রাজধানীতে ইনকিলাব মঞ্চ-এর মুখপাত্র শরিফ ওসমান হাদি হত্যার তদন্ত ও জাতিসংঘের অধীনে বিচারের দাবিতে কর্মসূচি পালন করা হয়। পরে হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড় এলাকায় উত্তেজনা ছড়ালে পুলিশ জলকামান ও টিয়ারগ্যাস ব্যবহার করে। এতে সংগঠনের সদস্য সচিব আবদুল্লাহ আল জাবেরসহ কয়েকজন আহত হয়েছেন বলে দাবি করা হয়।
শিশির মনির বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ চাইলে বুদ্ধিমত্তা ও সংযম দেখাতে পারত। আগ্রাসী আচরণ না করে সংলাপ ও সমন্বয়ের পথ বেছে নেওয়াই ছিল সমীচীন।