নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না ঢাকা-১৮ আসন থেকে জাতীয় সংসদ নির্বাচনে অংশ না নেওয়ার ঘোষণা দিয়েছেন। রোববার (৮ ফেব্রুয়ারি) রাত পৌনে ১২টার দিকে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ সিদ্ধান্তের কথা জানান।
ফেসবুক পোস্টে মান্না জানান, নির্বাচনী ব্যয় বহন করতে না পারার কারণেই তিনি ঢাকা-১৮ আসনের প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন। তিনি লেখেন, একটি বিশেষ পরিস্থিতিতে তিনি ঢাকা-১৮ ও বগুড়া-২—এই দুটি আসন থেকে নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন। তবে ঢাকা-১৮ আসনটি অত্যন্ত বড় ও ব্যয়বহুল হওয়ায় সেখানে নির্বাচন পরিচালনা করা তার পক্ষে সম্ভব হচ্ছে না।
মান্না আরও উল্লেখ করেন, ঢাকা-১৮ আসনের অন্তর্গত সাড়ে সাতটি থানা এবং প্রায় সাড়ে ছয় লাখ ভোটার রয়েছে। এত বড় নির্বাচনী এলাকায় প্রচারণা ও অন্যান্য ব্যয় নির্বাহ করা তার সামর্থ্যের বাইরে চলে গেছে। এ কারণে শেষ মুহূর্তে তিনি নিজেকে এ আসন থেকে প্রত্যাহার করে নিতে বাধ্য হয়েছেন বলে জানান।
তিনি বলেন, তার এই সিদ্ধান্তে অনেকেই হয়তো কষ্ট পেতে পারেন। এজন্য তিনি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেন এবং সবার কাছে ক্ষমা চান।
উল্লেখ্য, নাগরিক ঐক্য-এর সভাপতি মাহমুদুর রহমান মান্না বগুড়া-২ আসন থেকে নির্বাচনে অংশ নিচ্ছেন এবং সেখানে তার নির্বাচনী কার্যক্রম অব্যাহত রয়েছে।