ভোলা প্রতিনিধি :
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ভোলা-২ (বোরহানউদ্দিন–দৌলতখান) আসনে স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট মহিবুল্লাহ খোকন ব্যাপক গণসংযোগ চালিয়ে যাচ্ছেন। ভোটারদের কাছে নিজের রাজনৈতিক বার্তা পৌঁছে দিতে তিনি দিন-রাত বিভিন্ন এলাকায় প্রচারণা কার্যক্রম পরিচালনা করছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, নির্বাচনী মাঠে সক্রিয় উপস্থিতি নিশ্চিত করতে অ্যাডভোকেট মহিবুল্লাহ খোকন গ্রাম-গঞ্জ, হাট-বাজার, রাস্তার মোড় ও জনসমাগমস্থলে গিয়ে সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করছেন। এ সময় তিনি ভোটারদের সঙ্গে সরাসরি কথা বলে তাদের সমস্যা, প্রত্যাশা ও মতামত শোনেন এবং এলাকার উন্নয়ন পরিকল্পনার কথা তুলে ধরেন।
গণসংযোগকালে অ্যাডভোকেট মহিবুল্লাহ খোকন বলেন, “আমি নির্বাচিত হলে হাজীপুর, গঙ্গাপুর, সৈয়দপুরের চরগুলো অবৈধ দখল মুক্ত করবো ইনশাআল্লাহ,ভোলা বরিশাল সেতু আন্দোলন করেছি সেই সেতু বাস্তবায়নে ভুমিকা রাখবই ইনশাআল্লাহ, সাধারণ মানুষের পাশে থেকে কাজ করতে চাই। এলাকার উন্নয়ন ও মানুষের অধিকার নিশ্চিত করাই আমার মূল লক্ষ্য। জনগণের সমর্থন ও ভালোবাসা নিয়ে নির্বাচনে বিজয়ী হতে চাই।”
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, তার ধারাবাহিক ও সুসংগঠিত গণসংযোগ ভোলা-২ আসনের নির্বাচনী সমীকরণে নতুন মাত্রা যোগ করেছে। এতে ভোটের মাঠে প্রতিদ্বন্দ্বিতা আরও প্রাণবন্ত হয়ে উঠছে বলে মনে করছেন তারা।
স্থানীয় বাসিন্দারা জানান, অ্যাডভোকেট মহিবুল্লাহ খোকন দীর্ঘদিন ধরে সাধারণ মানুষের বিভিন্ন সমস্যায় ভূমিকা রেখে আসছেন। জেলেদের চাল বিতরণে স্বচ্ছতা নিশ্চিত করতে তিনি উদ্যোগ নিয়েছেন এবং পৌর টোল মওকুফের জন্য তার আইনি উদ্যোগের ফলে পৌরসভার টোল বন্ধ হয় বলে দাবি করেন স্থানীয়রা। অনেকের মতে, তিনি সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হলে সাধারণ মানুষ তাদের ন্যায্য অধিকার আরও দৃঢ়ভাবে ফিরে পাবে।