আগামী ১২ ফেব্রুয়ারি ভোটাধিকার প্রয়োগের মধ্য দিয়ে নতুন বাংলাদেশের যাত্রা শুরু হবে বলে মন্তব্য করেছেন আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) সাধারণ সম্পাদক ও ১১ দলীয় জোটের প্রার্থী ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। তিনি বলেন, এই নির্বাচন শুধু একটি ভোট নয়, এটি দেশের ভবিষ্যৎ নির্ধারণের সন্ধিক্ষণ।
রোববার (৮ ফেব্রুয়ারি) বিকেলে বরিশাল-৩ (বাবুগঞ্জ-মুলাদী) আসনের বাবুগঞ্জ উপজেলার রহমতপুরে বাবুগঞ্জ কলেজ গেটে গণমিছিল শেষে আয়োজিত নির্বাচনি পথসভায় তিনি এসব কথা বলেন। ব্যারিস্টার ফুয়াদ বলেন, ১২ ফেব্রুয়ারির নির্বাচন দেশের ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ নির্বাচন হিসেবে বিবেচিত হবে এবং এই ভোটযুদ্ধের কথা ভবিষ্যতে ইতিহাসের পাতায় লেখা থাকবে।
তিনি আরও বলেন, দেশ পরিচালনার জন্য ১১ দলীয় জোট যে পরিকল্পনা ঘোষণা করেছে, ক্ষমতায় গেলে তা বাস্তবায়ন করা হবে। তিনি উল্লেখ করেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী ১৮ কোটি মানুষের ৩৬ কোটি হাতকে কর্মক্ষম হাতে পরিণত করার পরিকল্পনা নিয়ে এগোচ্ছে, যার মাধ্যমে দেশে বেকারত্ব দূর করা সম্ভব হবে।
ব্যারিস্টার ফুয়াদ বলেন, ১১ দলীয় জোট ক্ষমতায় গেলে বাবুগঞ্জ ও মুলাদী উপজেলায় শিক্ষা, স্বাস্থ্য, কৃষি ও অবকাঠামো খাতে উন্নয়ন নিশ্চিত করা হবে। পাশাপাশি নারীর ক্ষমতায়ন ও কৃষকদের সহায়তায় কার্যকর পদক্ষেপ নেওয়া হবে।
পথসভায় আরও বক্তব্য দেন জেলা জামায়াতের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি আজিজুল ইসলাম অলিদ, বাবুগঞ্জ উপজেলা জামায়াতের আমির মাওলানা রফিকুল ইসলাম, অ্যাডভোকেট রুহুল আমিন খায়ের এবং উপজেলা জামায়াতের সাধারণ সম্পাদক আবদুস সালাম মাঝিসহ অন্যান্য নেতৃবৃন্দ।