ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) এর সাধারণ সম্পাদক এস এম ফরহাদ বলেছেন, একটি পক্ষ যেখানে ব্যালটের প্রস্তুতি নিচ্ছে, সেখানে আরেকটি পক্ষ বুলেটের প্রস্তুতি নিচ্ছে। তিনি অভিযোগ করেন, সাম্প্রতিক সময়ে অস্ত্র কেনাবেচার খবর সামনে আসছে এবং সেনাবাহিনীর অভিযানে অস্ত্র উদ্ধার হচ্ছে। এসব ঘটনার মধ্যেও জনগণ শান্তিপূর্ণ ভোটের প্রস্তুতিই নিচ্ছে।
রোববার (৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় উখিয়ার কোটবাজারে কক্সবাজার-৪ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী নুর আহমদ আনোয়ারীর সমর্থনে ১১ দলীয় জোট আয়োজিত এক নির্বাচনি পথসভায় তিনি এসব কথা বলেন।
ফরহাদ বলেন, চব্বিশের গণ-অভ্যুত্থানে যারা বুক পেতে দিয়েছিল, তারা ভোটের অধিকার রক্ষায় নীরব থাকবে না। তিনি প্রশ্ন রাখেন, ভোটকেন্দ্র কি পাহারা দেওয়া হবে, নাকি ছেড়ে দেওয়া হবে—এর জবাবে তিনি বলেন, ইনশাআল্লাহ ভোটকেন্দ্র পাহারা দেওয়া হবে।
তিনি আরও জানান, জামায়াতের আমির ঘোষণা দিয়েছেন ক্ষমতায় গেলে ‘পাহারাদার’ নামে একটি অ্যাপ চালু করা হবে, যেখানে চাঁদাবাজিসহ সব অপরাধের অভিযোগ জানানো যাবে এবং ২৪ ঘণ্টার মধ্যে পুলিশি ব্যবস্থা নেওয়া হবে।
সভায় প্রধান বক্তার বক্তব্যে কক্সবাজার-৪ আসনের প্রার্থী নুর আহমদ আনোয়ারী বলেন, কক্সবাজারে দাঁড়িপাল্লার পক্ষে গণজোয়ার তৈরি হয়েছে। তিনি ন্যায়-ইনসাফভিত্তিক বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন। সভায় ১১ দলীয় জোটের বিপুলসংখ্যক নেতাকর্মী ও সমর্থক উপস্থিত ছিলেন।