ডাকসুর ভিপি ও বাংলাদেশ ইসলামি ছাত্রশিবিরের কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক মোহাম্মদ আবু সাদিক কায়েম বলেছেন, যাদের হাতে মানুষের জীবন ও সম্পদ নিরাপদ থাকবে—দেশের মানুষ কেবল তাদেরই ভোট দেবে। তিনি বলেন, জনগণের নিরাপত্তাই ভোটের মূল বিবেচ্য বিষয় হওয়া উচিত।
রোববার (৮ ফেব্রুয়ারি) কিশোরগঞ্জের বাজিতপুর ডাক বাংলা মাঠে কিশোরগঞ্জ-৫ (বাজিতপুর-নিকলী) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী অধ্যাপক রমজান আলীর পক্ষে আয়োজিত এক নির্বাচনী জনসভায় তিনি এসব কথা বলেন।
সাদিক কায়েম বলেন, একটি রাজনৈতিক দল গত দেড় বছরে নিজেদের অন্তর্কলহে প্রায় ২০০ কর্মীকে হত্যা করেছে। তিনি দলটির নাম উল্লেখ না করে বলেন, যে দলের কাছে নিজেদের কর্মীরাই নিরাপদ নয়, তাদের হাতে দেশ কখনোই নিরাপদ থাকতে পারে না।
এ কারণেই জনগণ এমন শক্তিকে ভোট দেবে না, যাদের হাতে রাষ্ট্র ও নাগরিকের নিরাপত্তা নিশ্চিত নয়।
তিনি আরও বলেন, অধ্যাপক রমজান আলী নির্বাচিত হলে তিনি নেতা নয়, জনগণের সেবক হিসেবে কাজ করবেন এবং এলাকার মানুষ নিরাপদে বসবাস করতে পারবে। জনসভায় বক্তব্য রাখেন বাংলাদেশ
ইসলামি ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি মো. নুরুল ইসলাম সাদ্দাম, জামায়াত প্রার্থী অধ্যাপক রমজান আলী এবং সদ্য জামায়াতে যোগদানকারী বিএনপির বহিষ্কৃত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান রঞ্জনসহ ১১ দলীয় জোটের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।