জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, অতীতের মতো ভোট ডাকাতি ও কালো টাকার খেলা এবার আর চলবে না। তিনি অভিযোগ করেন, বিগত তিনটি নির্বাচনে এসপি, ওসি, এসআই থেকে শুরু করে কনস্টেবল পর্যন্ত খাম পাঠানোর সংস্কৃতি ছিল।
এবার কেউ যদি কালো টাকা স্পর্শ করে, ভোট ডাকাতির চেষ্টা করে কিংবা জনগণের ভাগ্য নিয়ে খেলতে চায়—তাদের পালানোর জায়গা থাকবে না।
রোববার (৮ ফেব্রুয়ারি) সকালে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার সরকারি কলেজ মাঠে ১১ দলীয় জোট আয়োজিত এক নির্বাচনী জনসভায় এসব কথা বলেন তিনি। হাসনাত আব্দুল্লাহ বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমেই আগামী ১০০ বছরে বাংলাদেশের রাষ্ট্র কাঠামো, প্রশাসন, পুলিশের আচরণ ও বিচার বিভাগের রূপরেখা নির্ধারিত হবে। এটি কেবল সরকার পরিবর্তনের নির্বাচন নয়; এটি স্বৈরতন্ত্র ও তার কাঠামো পরিবর্তনের নির্বাচন।
তিনি আরও বলেন, যারা ভোটকেন্দ্র দখলের প্রস্তুতি নিচ্ছে, তারা বাড়ি থেকে দোয়া নিয়ে বের হবে—কিন্তু দখলের চেষ্টা করলে নিরাপদে ফিরতে পারবে না। সাধারণ মানুষের নিরাপদে ভোট দেওয়ার নিশ্চয়তা দেওয়ার অঙ্গীকার করেন তিনি।
সমাবেশে এনসিপি মনোনীত প্রার্থী এসএম সাইফ মোস্তাফিজ-এর হাতে শাপলা কলি প্রতীক তুলে দেওয়া হয়। জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী-র কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান।
যদি কালো টাকা স্পর্শ করেন, ভোট ডাকাতির চেষ্টা করেন,পালানোর জায়গা পাবেন না : হাসনাত আব্দুল্লাহ