বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক বলেছেন, স্বাধীনতার ৫৪ বছর পেরিয়ে গেলেও দেশের মানুষের ভাগ্যে কোনো মৌলিক পরিবর্তন আসেনি। শাসকের পরিচয় বদলালেও শোষণ, লুটপাট ও দুর্নীতির রাজনীতি আগের মতোই বহাল রয়েছে। এই অপরাজনীতির চূড়ান্ত অবসান ঘটাতেই ‘১১ দলীয় নির্বাচনি ঐক্য’ গড়ে উঠেছে বলে মন্তব্য করেন তিনি।
রোববার (৮ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর বাড্ডার ডিআইটি প্রজেক্ট খেলার মাঠে ঢাকা-১১ আসনে ১১ দলীয় জোটের প্রার্থী নাহিদ ইসলাম-এর নির্বাচনি জনসভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মামুনুল হক বলেন, এই ঐক্য কোনো ব্যক্তি বা দলের স্বার্থে নয়; বরং বঞ্চিত ও নিপীড়িত ১৮ কোটি মানুষের অধিকার ঘরে ঘরে পৌঁছে দেওয়াই এর মূল লক্ষ্য।
তিনি বলেন, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের পর মানুষ বৈষম্যহীন সমাজের স্বপ্ন দেখেছিল, কিন্তু আজও সেই স্বপ্ন অপূর্ণ। আগে বিদেশি শাসকরা দেশ লুট করত, এখন দেশীয় শাসকরাই জনগণের সম্পদ লুট করে বিদেশে পাচার করছে। ‘বেগমপাড়া’ গড়ে তোলার মাধ্যমে তারা জাতির সঙ্গে বড় ধরনের প্রতারণা করেছে বলেও অভিযোগ করেন তিনি।
আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনকে ‘ব্যালট বিপ্লব’ আখ্যা দিয়ে মামুনুল হক বলেন, এই নির্বাচনের মাধ্যমেই জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা বাস্তবায়ন করতে হবে। কোনো আপস নয়, কোনো নমনীয়তা নয়। তিনি ঢাকা-১১ আসনের ভোটারদের শাপলা কলি প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।
সমাবেশে সভাপতিত্ব করেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর আহ্বায়ক নাহিদ ইসলাম।