নিজের নির্বাচনী এলাকা ঢাকা-১৭-এর সন্তান হিসেবে ধানের শীষের পক্ষে ভোট চেয়েছেন তারেক রহমান। রোববার (৮ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৩টার পর রাজধানীর ইসিবি চত্বরের এক নির্বাচনী পথসভায় তিনি এ আহ্বান জানান। মঞ্চে উঠে নেতাকর্মীদের উদ্দেশে হাত নেড়ে শুভেচ্ছা জানানোর পর বিকেল ৩টা ৩৭ মিনিটে বক্তব্য শুরু করেন তিনি।
তারেক রহমান বলেন, “আমি এই এলাকার সন্তান। শৈশব থেকে এ এলাকাতেই বড় হয়েছি। আমার ও আমার ভাইয়ের সন্তানদের জন্ম এখানেই, আমাদের বিয়েও এই এলাকায় হয়েছে। তাই একজন এলাকার সন্তান হিসেবে মা-বোন ও ভাইদের কাছে ধানের শীষের পক্ষে ভোট চাইছি।” তিনি বলেন, এটি পথসভা হওয়ায় সংক্ষিপ্ত বক্তব্য দিচ্ছেন।
ঢাকাকে একটি নিরাপদ শহর হিসেবে গড়ে তোলার অঙ্গীকার করে বিএনপির এই শীর্ষ নেতা বলেন, যাতে মা-বোনেরা নিরাপদে যেকোনো সময় চলাচল করতে পারেন এবং ব্যবসা-বাণিজ্য নির্বিঘ্নে পরিচালনা করা যায়। তিনি জানান, বাংলাদেশ জাতীয়তাবাদী দল ১২ ফেব্রুয়ারির নির্বাচনে সরকার গঠন করতে পারলে ঢাকা শহরে ৪০টি খেলার মাঠ নির্মাণ করা হবে।
এছাড়া ইসিবি চত্বর থেকে জসিম উদ্দিন পর্যন্ত সড়ক প্রশস্ত করার প্রতিশ্রুতিও দেন তারেক রহমান। বক্তব্যের শেষে তিনি আবারও বিনীতভাবে অনুরোধ জানান, আগামী ১২ ফেব্রুয়ারি ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে তাকে ও বিএনপিকে বিজয়ী করার জন্য।