কুষ্টিয়া-৩ (সদর) আসনের জামায়াতে ইসলামীর সংসদ সদস্য প্রার্থী ও আলোচিত ইসলামি বক্তা মুফতি আমির হামজা অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। রোববার (৮ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মেডিসিন ওয়ার্ডে ভর্তি করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন কুষ্টিয়া শহর জামায়াতে ইসলামী-এর আমির এনামুল হক। তিনি জানান, সকাল থেকে আমির হামজা নিজ আসনে নিয়মিত নির্বাচনী প্রচারণায় অংশ নিচ্ছিলেন। বেলা ১১টার দিকে হঠাৎ তিনি অসুস্থ অনুভব করলে দ্রুত তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেওয়া হয়।
হাসপাতাল সূত্রে জানা যায়, প্রাথমিক পরীক্ষায় তার খাদ্যে বিষক্রিয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে। কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. হোসেন ইমাম জানান, প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে এবং বর্তমানে তার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। তিনি আশঙ্কামুক্ত এবং শিগগিরই হাসপাতাল থেকে ছাড়পত্র পাবেন বলে আশা করা হচ্ছে।
আমির হামজার অসুস্থতার খবরে তার সমর্থক ও নেতাকর্মীদের মধ্যে উদ্বেগ দেখা দেয়। তবে চিকিৎসকরা জানিয়েছেন, বিষয়টি গুরুতর নয় এবং দ্রুত সুস্থ হয়ে তিনি আবার স্বাভাবিক কার্যক্রমে ফিরতে পারবেন। এদিকে দলীয় নেতাকর্মীরা তার দ্রুত আরোগ্য কামনা করেছেন এবং নির্বাচনী প্রচারণা সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছে বলে জানা গেছে।