বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক বলেছেন, স্বাধীনতার ৫৪ বছর পরও দেশের মানুষের ভাগ্যে কোনো মৌলিক পরিবর্তন আসেনি। শাসকের পরিচয় বদলালেও শোষণ, লুটপাট ও দুর্নীতির রাজনীতি একইভাবে বহাল রয়েছে। এই রাজনীতির চূড়ান্ত অবসান ঘটাতেই ১১ দলীয় নির্বাচনি ঐক্য গড়ে উঠেছে বলে মন্তব্য করেন তিনি।
রোববার (৮ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর বাড্ডার ডিআইটি প্রজেক্ট খেলার মাঠে ঢাকা-১১ আসনে ১১ দলীয় জোটের প্রার্থী মো. নাহিদ ইসলামের নির্বাচনি জনসভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মামুনুল হক বলেন, এই ঐক্য কোনো ব্যক্তি বা দলের স্বার্থে নয়; বরং বঞ্চিত, নিপীড়িত ১৮ কোটি মানুষের অধিকার ঘরে ঘরে পৌঁছে দেওয়ার লক্ষ্যেই এই সংগ্রাম।
তিনি বলেন, এক সময় বিদেশি শাসকরা এ দেশ লুট করত, আর এখন দেশীয় শাসকরাই জনগণের সম্পদ লুট করে বিদেশে পাচার করছে। যারা ‘বেগমপাড়া’ গড়ে তুলেছে, তারা জাতির সঙ্গে বড় ধরনের প্রতারণা করেছে। জুলাই বিপ্লবের প্রসঙ্গ টেনে তিনি বলেন, দীর্ঘ দমন-পীড়নের বিরুদ্ধে ছাত্র-জনতার ঐক্যবদ্ধ আন্দোলনের মধ্য দিয়েই স্বৈরাচারের পতন ঘটেছে।
আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনকে ‘ব্যালট বিপ্লব’ আখ্যা দিয়ে তিনি বলেন, এই নির্বাচনের মাধ্যমেই সন্ত্রাস ও লুটপাটের রাজনীতিকে বিদায় জানাতে হবে। কোনো আপস নয়, কোনো নমনীয়তা নয়—এই নির্বাচনেই জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা বাস্তবায়ন করতে হবে।