জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব এবং রংপুর-৪ আসনে ১১ দলীয় জোটের সংসদ সদস্য পদপ্রার্থী আখতার হোসেন-কে মোবাইল ফোনে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে। এ ঘটনায় তিনি পীরগাছা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
জানা গেছে, শনিবার (৭ ফেব্রুয়ারি) বিকেলে একটি অপরিচিত মোবাইল নম্বর থেকে ফোন করে তাকে ভয়ভীতি প্রদর্শন ও প্রাণনাশের হুমকি দেওয়া হয়। ওই সময় তিনি রংপুরের পীরগাছা উপজেলার ছাউলা ইউনিয়নে নির্বাচনী প্রচারণায় ব্যস্ত ছিলেন।
এ বিষয়ে আখতার হোসেন বলেন, “একটি অপরিচিত নম্বর থেকে ফোন করে আমাকে সরাসরি প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে। নির্বাচনের গুরুত্বপূর্ণ সময়ে এমন হুমকি আমাদের উদ্বিগ্ন করে তোলে। বর্তমানে এলাকায় অবৈধ অস্ত্রের ছড়াছড়ি রয়েছে। এ অবস্থায় আইনশৃঙ্খলা বাহিনীর সর্বোচ্চ সতর্কতা ও কার্যকর ভূমিকা প্রত্যাশা করি।”
তিনি আরও বলেন, “বিগত ফ্যাসিবাদী শাসনামলেও আমরা নানা ধরনের হুমকি, ধমকি, মামলা ও জেল-জুলুমের মুখোমুখি হয়েছি। এসব করে আমাদের গণতান্ত্রিক আন্দোলন ও জয়যাত্রা থামিয়ে দেওয়া যাবে না।”