মো: হোসেন,মনপুরা (ভোলা) প্রতিনিধি
ভোলার মনপুরায় দীর্ঘদিন পলাতক থাকা মাদক কারবারি মো. ইকবাল (৩৯) কে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২৫ জানুয়ারি রাত সাড়ে ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে মনপুরা উপজেলার দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডে সিরাজগঞ্জ বাজারের পূর্ব পাশে অবস্থিত ইকবালের রাইস মিল এলাকায় অভিযান চালায় মনপুরা নৌবাহিনীর একটি দল ও থানা পুলিশ।
এ সময় মিলের ভেতর থেকে ৬৪ পিস ইয়াবা ট্যাবলেট এবং একটি আরটিআর গাড়ি জব্দ করা হয়। তবে অভিযানের সময় কৌশলে পালিয়ে যান ইকবাল।
এ ঘটনায় মনপুরা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) ধারার সারণির ১০(ক) ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে।
পুলিশ জানায়, দীর্ঘদিন পলাতক থাকার পর শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সিরাজগঞ্জ বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত ইকবাল দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের সিরাজগঞ্জ বাজার এলাকার ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা,স্হানীয় সূত্রে জানা গেছে,
ইকবাল দীর্ঘদিন ধরে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে মাদক সেবন ও মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের সঙ্গে জড়িত ছিলেন। তার বিরুদ্ধে এর আগেও থানায় একাধিক মামলা রয়েছে।
এ বিষয়ে মনপুরা থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ ফরিদ উদ্দিন জানান, গ্রেপ্তারকৃত আসামি মো. ইকবালের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।