দীর্ঘ ১৭ বছর পর দেশে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে, যা একটি ঐতিহাসিক মাইলফলক বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম-মহাসচিব ও বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী এ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ।
শনিবার দুপুরে মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলার পাচঁগাও ইউনিয়নের চাঠাতী পাড়া গ্রামে ধানের শীষের নির্বাচনী উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আব্দুস সালাম আজাদ বলেন, “১৭ বছর পর আমরা আবার স্বাধীনভাবে ভোট দেওয়ার সুযোগ পাচ্ছি। আমাকে বঞ্চিত করা মানে ধানের শীষকে বঞ্চিত করা।” তিনি ভোটারদের উদ্দেশে বলেন, ধানের শীষে ভোট দিলে তিনি এলাকার মসজিদ, মাদ্রাসা, স্কুল-কলেজ ও রাস্তাঘাট উন্নয়নে সর্বাত্মক ভূমিকা পালন করবেন।
তিনি আরও বলেন, মাদক ও সন্ত্রাসমুক্ত রাষ্ট্র গঠনের পাশাপাশি একটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা, পদ্মা নদীর ভাঙন রোধে টেকসই বেড়িবাঁধ নির্মাণ এবং সার্বিক অবকাঠামো উন্নয়নের মাধ্যমে একটি সুন্দর সমাজ ব্যবস্থা গড়ে তুলতে চান তিনি।
বিশিষ্ট ব্যবসায়ী ও সাবেক ছাত্রনেতা মো. কামরুল হাসানের বাড়িতে আয়োজিত এই উঠান বৈঠকে পাচঁগাও ইউনিয়ন বিএনপির সভাপতি সেলিম শেখের সভাপতিত্বে এবং সিনিয়র সহ-সভাপতি জহিরুল ইসলাম জহির বেপারীর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন টঙ্গিবাড়ী উপজেলা বিএনপির সভাপতি আলী আসগর রিপন মল্লিক।
এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ধীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আকতার হোসেন মোল্লা, বেতকা ইউনিয়ন বিএনপির সভাপতি কে. এম জহিরুল ইসলাম লেলিন, টঙ্গিবাড়ী উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ইয়ার হোসেন মোল্লা, সুইডেন প্রবাসী বিএনপি নেতা এম এ রহিমসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।